যেভবে বাচ্চা ছেলে-মেয়েদের পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হইতেছে তা দেইখা আমার আবার প্রাইমারিতে ভর্তি হইবার ইচ্ছা করতেছে। ক্লাস ফাইভের এই সব কোমলমতি শিশুরা শিক্ষা জীবনের প্রথম স্তরের সমাপনী পরীক্ষা দিতে এসে আজ যে অভিজ্ঞতা নিয়ে ফিরতেছে, এর সুদূরপ্রসারী ফলাফল অদূর ভবিষ্যতে দেশ ও জাতিকে যে কতটা ভয়ঙ্কর পরিস্হিতির সামনে দাঁড় করিয়ে দেবে একটিবারও কি আমরা তা ভেবে দেখেছি।
জীবনের প্রথম পাবলিক পরীক্ষা যারা ফাঁস করা প্রশ্নে দিচ্ছে, কি শিক্ষা নিয়ে তারা পরবর্তী ধাপে পা রাখবে? কি শিখল তারা আমাদের এই সমাজ, এই দেশের কাছ থেকে? কি দিবে তারা বড় হয়ে এই দেশ এবং জাতিকে। দূর্নীতির ছায়ায় বেড়ে ওঠা এইসব কোমলমতি শিশুরা তাদের মন ও মননে, চিন্তায়, বিশ্বাসে দূর্নীতির ভয়াবহ অভিশাপকে লালন করেই বেড়ে উঠবে। দূর্নীতির যাঁতাকলে বদ্ধ হয়ে থাকা একটি নতুন প্রজন্মের কাছে ধ্বংস ছাড়া আর কি-ই বা আমরা আশা করতে পারি, আমাদের প্রাপ্য আর কি হতে পারে।
যেসব অভিবাবকরা আজ তাদের বাচ্চাদের হাতে এই প্রশ্ন তুলে দিচ্ছেন তারা কি আজ ভাল ফলাফল করিয়ে এভাবে তাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন? নিজের সন্তানকে নিজের হাতে ধ্বংসের পথে নামিয়ে দেয়ার আগে একবারও কি তাদের বিবেক তাদেরকে বাঁধা দেয়না?
পরীক্ষায় ভালো ফলাফলের প্রতিযোগিতা সৃষ্টির কারণে আজ পুরো জাতি যে হুমকির মুখে দাঁড়িয়ে আছে, এই দায়ভার কার? কেন আজকে শুধুমাত্র পরীক্ষার রেজাল্ট দিয়ে একজন ছাত্রকে মূল্যায়ন করা হচ্ছে? যেকোন ভাবে পরীক্ষায় ভাল রেজাল্ট করা-ই কি একজন ভাল ছাত্রের প্রধান লক্ষ্য কিংবা বৈশিষ্ট্য?
কেন আজকে আমরা দেশের আগামি দিনের ভবিষ্যৎ কর্ণধারদেরকে অঙ্কুরেই বিনষ্ট করে দিচ্ছি? কেন, কিসের লাভে, কিসের লোভে, কোন মোহে?
কেন আজ আমরা উসকে দিচ্ছি দূর্নীতিকে?
একি তবে আবারও এক নষ্ট জন্ম?
এ আমাদের কোন লজ্জার ফসল?
মেধাকে ফলাফল দিয়ে মেপে প্রকৃত মেধার অবমূল্যায়নের মাধ্যমে যে বৈষম্য সৃষ্টি করে দেয়া হয়েছে, যে এক নিষিদ্ধ খেলায়, অন্যায় প্রতিযোগিতার পিছনে সবাইকে লেলিয়ে দেয়া হয়েছে এর দায়ভার এই ঘূণে ধরা সমাজ ব্যাবস্থাকে, এই ঘূণে ধরা সমাজের সমাজপতিদেরকে, আমাদের ভ্রান্ত শিক্ষা ব্যাবস্থা ও এর প্রনয়ণকারীদের-ই নিতে হবে। এর দায় আমাদেরকেও নিতে হবে। আমরা কেউই এই দায় এড়িয়ে যেতে পারবনা।
এখনই এইসব দূর্নীতি, অন্যায়-অনিয়মকে সমূলে বিনাশ করতে না পারলে আমাদের ধ্বংস অনিবার্য, আর তা খুব বেশি দেরিতে নয়.............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

