শুকিয়ে যায় রক্তের দাগ,
ছোপ ছোপ লাল রক্ত
কালো কালো হয়ে আসে
তারপর একদিন উধাও।
বিবর্ণ হতে থাকে স্মৃতিগুলি,
মানুষের মন থেকে
দগদগে স্মৃতিগুলি বিবর্ণ
হতে হতে একদিন উধাও।
নির্বিকার চেতনা
থেকে যায় প্রতিক্রিয়াহীন,
ভীত সন্ত্রস্ত শরীর মন
ঘরের দরজা বন্ধ।
শুধু উহু, আহা, ইশ্
চুপচাপ নিরবে নিভৃতে,
হয়তো দুঃখ পাই
তবু নীরবেই রয়ে যাই।
তবুও বুক টান করে
দাঁড়ায় একজন রবিউল।
কাঁদে তাঁর মা, স্ত্রী-সন্তান
স্বপ্নগুলো হাওয়ার মিলায়।
রাষ্ট্রীয় শোক উদযাপন শেষে
মানুষ ব্যস্ত হয় তার কাজে,
আবার উহ্, আহা, ইশ্ করি
ভুলে যাই রক্তাক্ত অতীত।
এভাবেই হাওয়ায় মিলায়
আমাদের চিন্তা-স্বপ্ন-জীবন,
মনুষ্য জীবন হয়ে উঠে
নিদারুণ এক রসিকতা!
গুলশান, এক ট্র্যাজেডির নাম
কান্নার আরেক নাম তুমি,
আর কখনো ফিরে এসো না
আমাদের কাঁদাতে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


