আজ এই রাতে
মুখোমুখি তুমি আমি আধো অন্ধকারে;
যাক বয়ে যাক নদীর এই জলধারা,
একটু দূরে রাত জাগা পাখির ক্ষণে ক্ষণে ডেকে ওঠা আর কলরব,
শ্রুতির কোঠরে গেয়ে যাক বনজ পোকা ভ্রান্তির গান;
আমরা ভুলে যাব গোছানো জীবনের পাঁথরে খোদাই লিপি
সরাবের মোহাচ্ছন্নতায় টুটিবে সহস্রাব্দ বছর বেঁচে থাকার অলিক স্বপন
ক্ষণিক হোক এই কাছে থাকা, ঠোঁটের শুদ্ধতম ব্যাকরণ বোঝার আদিম নিয়ম;
ক্ষতি কি?
যদি তোমার ঢুলু ঢুলু ও চোখে বেজে ওঠে কামনার শিশ
কাছে ডেকে নিও;
উপেক্ষা ছড়াতে চাইলেও বলে দিও
তুলে নেব দ্বিধাহীন তোমার অমৃত ওষ্ঠে লুকনো
চিরন্তন আলো-আঁধারের হেমলক বিষ,
তবু ভালবেসে যেও, ভালবাসা দিও
ক্ষণিক হলেও একদিন।
২৪শে অক্টোবর ২০১৬
যুক্তরাজ্য।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

