
এতকরে মাকে বোঝাই তবুও এটা ওটার বাচ্চা বলে গালি দেয়। গাধাসহ নানান জাতের প্রাণির বাচ্চা বলে গলা সারে! এত্ত বলি- ওসব বললে তুমিই গাধা কিংবা ওইসব প্রাণি বলে নিজেকে গালি দিচ্ছ। রেগে আরো বলে- চুপ, গাধার বাচ্চা।
আমি বরাবরই বন্ধুদের বলে থাকি প্রেমঘটিত না হলেও আমাকে পালিয়ে বিয়ে করতে হবে। কারণ, আমার মা-সহ স্বজনরা যদি আমার কনে দেখতে যায় তবে আমার বিরুদ্ধে দু’চারটা কথা বলতে আর বাইরের লোক লাগবে না। বিয়ে ভাঙতে শত্রু লাগবে না!
আমার মাঝে যে বিন্দু পরিমাণ প্রতিভা থাকতে পারে তা আমার পরিবারের লোকেরা বিশ্বাসই করতে চায় না। এবার ঈদে ঢাকা আসার সময় মা কয়েক কেজি মাংস কাবাবসহ নানা পদের করে দিয়েছিল। আমার পিঠে একটা ব্যাগ আর হাতে একটা ব্যাগ ছিল; যেটাতে ওগুলো ছিল। যাহোক রিকশা থেকে নামার বেশকিছু সময় পর উপলব্ধি করলাম- হাতের ব্যাগটা রিকশায় রেখে নেমে পড়েছি; বাস ছাড়ার সময় এদিক-ওদিক খুঁজেও পেলাম না। ওভাবেই চলে এলাম...
কয়েকদিন পর মা জিজ্ঞেস করলো; ক্যামন করে খাচ্ছি- ফ্রিজের ঠাণ্ডা না গরম করে...
বললাম; রিকশাওয়ালাকে দান করে দিয়েছি...তারপর পিঠের আর হাতের দুই ব্যাগের কথা বললাম...মা রেগে বললো; গাধার বাচ্চা আমার বউমা যদি তোর পিঠে উঠে থাকতে পারে তাহলে পারবে না হলে তাকেও পথে ঘাটে ফেলে যাবি...মেজাজ খারাপ ফোন রাখ...
কোন কথায় কোন কথা জুড়ে দেয় বুঝিনা। প্রায়ই বলে; বউ যদি তোকে পেটায় আমি বলবো আরো মারো বউমা ওটা একটা গাধার বাচ্চা...
আমার খালা-ফুপুরাও আমাকে প্রতিভাধরই ভাবে! তাই পালিয়ে বিয়ে করা ছাড়া উপায় নেই।
কথা হলো- আমার সাথে পালাবেটা কে???
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




