বাঁশপাতার মতোন বড় সহজলভ্য কবিতা এদেশে
গবাদী পশুর খাদ্যের মতোন যত্রতত্র পাওয়া যায়
তবু মানুষ কবিতা লেখে মানবীরে ভালোবেসে
যদিও কবিতা পাওয়া নদীর পলিতে __কাদায়।
কবিতা লিখে পেটের দুমুঠো ভাত কে কবে খেয়েছে
রবি ঠাকুরও পৈত্রিক জমির অর্থে কবিতার বই ছাপান
কবিতা রচনা তাই বলে কি কখনো বন্ধ হয়েছে ?
কবিতা লিখেই কিন্তু নজরুল দেশের মাটি কাঁপান।
কবিতা ভেতরে নাকি থাকে বোধ ; জাতিসত্তার চেতনা
কবিতা নাকি ইতিহাস আর ঐতিহ্যের কথা বলে __
কবিতার ভেতরে নাকি থাকে প্রেমের পুলক আর দ্যোতনা
কবিতার তাই এত উৎসারণ মানবের যন্ত্রকলে।
পুঁইশাকের মতোন যদি হয় কবিতার উৎপাদন
ক্ষতি কী ? দেশে বাড়বে ভালোবাসার অভিবাদন।
০৫.১২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


