খুব কি বেশি চাওয়া
অরণ্য আবীর
কুয়াশার চাদরে মুড়ানো
একচিলতে সোনা রোদ
শিউলি ছড়ানো কোন অলিন্দে
পরিপাটি এক পেয়ালা চা
ধোঁয়া উঠা গরম পাকোড়া
সকালের স্নিগ্ধতায়
তোমার সঙ্গে
খুব কি বেশি চাওয়া
শুধু এক সকাল
দুপুরের তাপদাহে ক্লান্ত শরীর
লোমকোপে নির্গত বিন্দু বিন্দু ঘাম
চারপাশ শুনশান ধু ধু প্রান্তর
দূর থেকে ভেসে আসে রাখালের গান
ঝিরঝির হাওয়া তুরাগের তীরে
হাতে হাত রেখে বসে বটতলে
জুড়িয়ে নেই প্রাণ
তোমার সঙ্গে
খুব কি বেশি চাওয়া
শুধু এক দুপুর
পড়ন্ত বিকেলে ছায়াঘন পথে
হিম শীতল হিমেল হাওয়া
হাতে হাত রেখে
চল কিছু দূর
ঝরা পাতার মড়মড় শব্দে
পাশা পাশি এক বিকেল হেটে যাওয়া
তোমার সঙ্গে
খুব কি বেশি চাওয়া
শুধু এক বিকাল
এক মুঠো পূর্ণিমায় তোমার পরশ
জ্যোৎস্না ভেজা ব্যালকনিতে
সারা রাত জেগে রব
শীতকম্পন খুব বেশি হলে
তোমার নিঃশ্বাসে উষ্ণ হব
জড়িয়ে রব
তোমার সঙ্গে
খুব কি বেশি চাওয়া
শুধু এক রাত
উত্তরা ।। ৬ মার্চ ।। ২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


