আমার জীবনের সবচেয়ে স্মৃতিমধুর অংশটি হলো আমার স্কুলজীবন। জীবনের ১০ টি বছর কাটিয়েছি যে স্কুলে। অবুঝ দূরন্ত সেই ১০ টি বছর। শুরুটা হয়েছিলো একেবারেই বাচ্চা বয়সে। যখন নতুন কেনা সাদা শার্ট, নেভি ব্লু প্যান্ট আর সাদা কেডস পরে মার হাত ধরে চোখ মুছতে মুছতে হাজির হয়েছিলাম স্কুলে। অপরিচিত সব সহপাঠী, ভীষন রাগী টিচার আর বাসা থেকে অনেক দূরের একটি ঘড়ে মাকে ছাড়া কিভাবে থাকব তাই ভেবে বারবার চোখের জল মুছছিলাম। কল্পনায় থাকা ভীষন রাগী সেই টিচার-ই যখন পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দেন, এক নিমিষেই যেন সব ভয়-শংকা উধাও হয়ে যায়। আর, অপরিচিত সব সহপাঠীরা? তারা হয়ে ওঠে আমার আত্নার পরম আত্নীয়। কোন কাজই যেন তাদের ছাড়া চলতো না। যেটুকু সময় বাসায় থাকতাম উন্মুখ হয়ে থাকতাম কখন স্কুলে যাবো? স্কুলের ক্লাস, ক্লাসের ফাকে বারান্দায় দুষ্টুমী, স্কুলের মাঠে প্রতিদিন ফুটবল অথবা ক্রিকেট খেলা, এসব ছাড়া একটি দিন ও কল্পনা করা যেত না। কোনদিন হয়তোবা টিফিন পিরিয়ডে ব্যাগ নিয়ে ভোঁ দৌড় দিয়ে স্কুল পালানো। ক্লাসেও কি কম করতাম? পিছনের বেঞ্চে বসে স্যারের চোখকে ফাকি দিয়ে হাই বেঞ্চে কলম খেলা, খাতায় ফুটবল খেলা আর কাটাকুটি খেলা তো আছেই। এর জন্য মার ও কম খাইনি। স্যারের হাতে ধরা পড়ে কতবার বেতের বাড়ি খেয়েছি, অভিমানের জল জমেছিল চোখে। এত বছর পর এসে, সেই মূহুর্তকেই কত আনন্দময় মনে হয়।
স্কুলে যেদিন শেষ গিয়েছিলাম, সেদিন ও প্রথম দিনের মতো পরনে ছিলো সাদা শার্ট, নেভি ব্লু প্যান্ট আর সাদা কেডস। কিন্তু মাঝখানে কেটে গেছে ১০ টি বছর। জীবনের সবচেয়ে আনন্দের, নির্ভাবনার ১০ টি বছর। আমার অবুঝ শৈশব আর দূরন্ত কৈশোর।
স্কুলের সেই সব বন্ধুদের অনেকের সাথেই এখন আর যোগাযোগ নেই। অনেকেরই নাম ভুলে গিয়েছি। শুধু স্মৃতির পর্দায় সেই মুখগুলি রয়ে গেছে। কখনো উদাস দুপুরে একাকী নিঃসঙ্গতায় খুব করে মনে পড়ে সেই বন্ধুদের কথা। কতদিন দেখা হয় না। কতদিন কাধে হাত দিয়ে গল্প করা হয় না। বন্ধু কতদিন তোকে দেখি না।
আমার মধুমাখা সেই দিনগুলি কেটেছে শেরে বাংলা নগর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে। শৈশব কৈশোরের সেই জায়গাগুলোয়, সেই সব বন্ধুদের সাথে আরেকবার মিলিত হওয়ার একটি সুযোগ আসছে। চলছে পুনর্মিলনীর প্রস্তুতি। এখন পুরোদমে অনলাইনে রেজিস্ট্রেশন চলছে। খোলা হয়েছে ফেসবুক পেজ। লক্ষ্য ২০১২ সাল। উল্লেখযোগ্য পরিমানে রেজিস্ট্রেশন হওয়ার পরেই ঘোষনা করা হবে মহাযজ্ঞের দিন-ক্ষন। স্কুলের সবাইকে আমন্ত্রন। হারিয়ে যাওয়া সেই দিনগুলোয় আবার একসাথে হারিয়ে যাওয়ার আমন্ত্রন…………………….
রেজিস্ট্রেশন পেজঃ https://sites.google.com/site/sbngbhss/
ফেসবুক গ্রুপঃ http://www.facebook.com/#!/groups/sbngbhss/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


