এখন আর কেউ চিঠি লিখে না। ফোনে কথা বলে, এসএমএস করে। আমি তোমাকে চিঠিই লিখছি। কি অবাক হচ্ছো?
আমি ও অবাক হয়েছি। তোমাকে ফেসবুকে প্রথম দেখার পর। তোমার সাথে প্রথম ফোনে কথা বলার পর। অবাক হয়ে দেখেছি, কিভাবে তুমি ধীরে ধীরে আমার ভেতরটা দখল করে নিচ্ছো। খুব সন্তর্পনে আমার ভেতরে আমি নিজেই তোমার মাঝে হারিয়ে যাচ্ছি। তুমি কি কখনো তা বুঝতে পারতে?
গত তিনটি মাস তোমার সাথে আমার অসম্ভব সুন্দর কিছু সময় কেটেছে। সেই স্বপ্নময় সময়গুলোকে আমি নিজের করে পেতে চাই। আমি আরো ১০০ বছর তোমার সাথে কাটাতে চাই। ১২০০ মাস কিংবা ৩৬৫০০ দিন। প্রখর রোদে ছায়া হয়ে তোমার পাশে হাটতে চাই। তোমার প্রতিটি হাসির কারন হতে চাই। তোমার সব কষ্টের কান্না হতে চাই। অভিমানে ফুলে ওঠা তোমার গালের রক্তিম আভা হতে চাই। কিংবা, তোমার চুল এলোমেলো করে দেয়া আলতো বাতাস হতে চাই। তুমি কি একবার, শুধু একবার আমায় সে সুযোগ দেবে?
তুমি কি আমার হাসি হবে? সুখের সময় ভাসিয়ে দেয়া সাগরের এক মুক্তো হবে? তুমি কি আমার কষ্ট হবে? অঝোর ধারায় গড়িয়ে পড়া নোনতা স্বাদের অশ্রু হবে? তুমি কি আমার জীবন হবে? হাজার বছর আগলে রাখা জীবন-মরণ সংগী হবে?
বলো, তুমি কি আমায় ভালোবাসবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


