somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে সময়ে জীবন গল্প হয়ে উঠে

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই সময়ে রাস্তায় বন্ধুতে – বন্ধুতে মারপিট করলে সমস্যা নেই । গোটা দেশবাসীর মতো গোটা রাস্তাটাও এই সময়ে গভীর নির্জনতায় ডুবে আছে । যেন গাছের একটা পাতা পড়লেও সেই শব্দ যন্ত্রণাকাতর ধর্ষিতার অস্ফূট আর্তনাদের মতো শোনাবে । আশেপাশে কোথাও কেউ নেই । নিজেদের মধ্যে চেঁচামেচি করতে করতে পথ পার হওয়া সঙ্ঘবদ্ধ কুকুরের পালও খুঁজে পাওয়া যায়না ।

সিরাজ আর রইস একে অপরকে কিলিয়ে – ঘুষিয়েই যাচ্ছে । দুজনেই বেহেড মাতাল অবস্থায় আছে । মুখের সাথে সাথে খিস্তিও চলছে দেদারসে । মা – বাপের প্রজাতি থেকে শুরু করে এখন এসেছে অপরের স্ত্রীর সাথে সহবাসের বাসনায় । অথচ কারোরই মনে নেই যে তারা কেউই বিবাহিত নয় । কিন্তু চিরন্তন যেই বিষয় নিয়ে পুরুষে – পুরুষে একে অপরের বিরুদ্ধে কামড়াকামড়ি করে নিজেদের মরদপনা দেখাতে গিয়ে হিতাহিতজ্ঞানশূন্য হয় সেই বিষয় নিয়েই তারা লড়াইরত । কোন এক নারীর পাণিপ্রার্থী হবার চিরন্তন অথর্ব লড়াই ।

দুজনের মধ্যে সবার আগে রইসেরই সম্বিত ফেরে । চেতনায় আসবার পর ঠোঁট চাটলে তার বোধ হয় ঠোঁটের উপরের অংশটায় নোনতা নোনতা স্বাদ । হাত দিতেই অল্প একটু রক্ত বের হয়ে গেলো । এখন চেতনা ফিরেছে বলে সিরাজের দিকে নতুনোদ্যমে হাত লাগালোনা । বরং সিরাজের দিকে তাকিয়ে দেখতে চেষ্টা করলো তার কি অবস্থা ।

সিরাজের অবস্থা রইসের চাইতেও বেশী শোচনীয় । ডান চোখের নীচে কালশিটের মতো হয়ে গেছে । বাম দিকের মাড়ির পাশের নড়বড়ে দাঁতটা আরেকটু মারামারি হলে পড়েই যেতো । দুইজনের মধ্যে সেই বেশী মাতাল ছিলো । মাথাতেও যন্ত্রণা দিচ্ছে সিরাজের । তার মনে হতে থাকে হুজ্জোতটা এই সময়ে তাদের না করলেও চলতো । কামরুন তো আর তাদের কারো থেকেই পালিয়ে যাচ্ছেনা । নিস্তরঙ্গ জীবনে কামরুন ছাড়া আর কার জন্যেই বা তারা মারপিট করতে পারে ?

রইস আর সিরাজ দুইজনেই স্বাভাবিক অবস্থায় ফিরলে একে অপরের দিকে তাকায় । তাকিয়ে পুরনো বন্ধুর মতোই দাঁত বের করে হাসতে থাকে । দেখে কে বলতে পারবে কিছুক্ষণ আগেই দুইজনে উন্মত্ত কুকুরের মতো একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েছিলো ? তাদের জীবন আসলে এমনই । আজন্মই পথের মানুষ বলে পৃথিবীর বুকে অচেনা , আইন-কানুনের চোখে অনাহূত , সমাজের মানসপটে অস্পৃশ্য । প্রতি ক্ষণে ক্ষণে তাদের জীবনের নানাবিধ রঙ-রুপ পাল্টায় বটে তবে তাদের দৈনন্দিন দিনযাপনের সাথে অবিচ্ছেদ্যভাবে জুড়ে থাকা জীবনসংগ্রামই কেবল নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে । সিরাজ কিংবা রইস কেউই এসব ভারি ভারি জীবনদর্শন নিয়ে কখনো ভাবেনি । ভাবাটা প্রয়োজনীয় সেই অবকাশই তাদের জীবনে আসেনি । ঘন , নির্জন রাতে অস্ফূট সোডিয়াম আলো যেভাবে নিঃসঙ্গ রাস্তায় বাড়ি ফেরা অসহায় পথিকের মনে রেখাপাত করে ঠিক তেমনভাবেই কামরুন রেখাপাত করে সিরাজ আর রইসের মনে । এই উপলব্ধির মাঝে সবই আছে । অনাড়ম্বর ভালোলাগার অনুভূতি থেকে শুরু করে প্রবলভাবেই আধিপত্যশীল দখলদারীর লড়াই । সেটাই কিছু সময়ের জন্য দুইজনকে মাতাল অবস্থায় পেয়ে বসেছিলো ।

এদিকে চারপাশে গাছের একটা পাতাও নড়ছেনা । আশেপাশের কোথাও কোন বাড়ীর কোন ঘরে আলো পর্যন্ত জ্বলেনি । কেবল সামনের একটি ডাস্টবিন থেকে পাঁচ গজ পিছন থেকে হঠাৎ একটি বিড়ালকে সতর্ক চোখে তাদের দুইজনের দিকে দৃষ্টি দিতে দেখা গেলো । বিড়াল তাদের বিধ্বস্ত চেহারা দেখে কি বুঝলো সেই জানে । সেই বিড়াল ছুটে চলে গেলে আবারো রাস্তায় কেবল তারা দুই বন্ধু ।

তারা কে আগে কিভাবে কথা শুরু করবে বুঝে উঠতে পারছিলোনা । রইস ভাবছিলো সম্ভবত সিরাজই কথোপকথনের সূচনা করবে । সিরাজ ভাবছিলো সে নিজে কথা শুরু করলে রইস মনে করতে পারে সিরাজ বন্ধুর প্রতি করুণাসুলভ বদান্যতা দেখাচ্ছে । অবশেষে নীরবতা ভেঙ্গে রইস খানিকটা কেশে নিয়ে নিজেই শুরু করলো ,

“ কতোবার কইলাম তোরে কামরুনরে লইয়া উল্টাসিধা কথা কইসনা আমার সামনে । তুই শালার জিন্দেগীতে মুখ ভালা করতে পারলিনা । বন্ধুমানুষ হইয়া নিজেরই মিজাজ ঠিক রাখবার পারিনাই তোর উপ্রে , লোকজনে কেমনে রাখবো ? পিটাইয়া তো একদিন শ্যাষ কইরা দিবো তোরে । “

সিরাজ কি বলবে ভেবে পায়না । কারণ সামনে দাঁড়ানো বন্ধুমানুষ যা বললো তার সবই সত্য । খুব বাজে খিস্তি করে বসেছিলো প্রিয় মানুষের সাথে বন্ধুকে জড়িয়ে । কিন্তু কিছু একটা বলে নিজের জায়গা ঠিক রাখতে হবে ভেবে দুর্বল গলাতেই কিছু শক্ত কথা বলে ফেললো “ আমি কেমনে মিজাজ ঠিক রাখুম ? সব জাইনা শুইনা তুই কামরুনরে নিয়া তোর রসের আলাপ পাড়োস আমার সামনে । তুই ই ক আমারে , কুনদিন দেখছোস আমারে তোর সামনে কামরুন রে নিয়া কিছু কইতে ? দুইজনেই কামরুনরে বালোবাসি মাগার বন্ধুরে আঘাত দিয়া কিছু কমু ক্যা ? “

রইস এরকম কঠিণ কোন প্রতিউত্তরের প্রত্যাশা করেনি বন্ধুর কাছ থেকে । সবসময় সিরাজকে বোকা বলেই মনে করে এসেছে । সেই এমন যুক্তিতর্কের কম্পাস মেপে কথা বলতে পারে কখনো কল্পনাও করেনি । প্রসঙ্গটা বদলাবে ভাবলো । কিন্তু অত শত ভেবেও কামরুনের বিষয় থেকে বের হয়ে আসতে পারলোনা । সপ্রশংস গলায় নিজের প্রেমিকার প্রতি অনুরক্ত মানুষটার সামনেই বলতে শুরু করলো ,

“ যতো যাই কস না ক্যান কামরুনে আমারে অনেক ভালা পায় । রিকশা থেইকা নাইমা আমার কাছে আইছে পাঁচ ট্যাকা আছে কিনা জিগাইতে । দিলডা খুশী হইয়া গেলো । সারাদিনে প্যাডে ভালা কিছু পড়েনাই । “ বলেই খুকখুক করে হাসতে থাকে রইস ।

রইসের এই স্বভাবটাই সিরাজের মাথায় আগুন ধরিয়ে দেয় সবসময় । সিরাজের পিত্তি জ্বালিয়ে দিবে এটা বুঝেও ঠিক সেই ধরণেরই কথাবার্তা বলবে । হাড় হারামজাদার ছেলে একটা । সিরাজের মনে হলো পুনরায় গিয়ে মারামারি বাঁধিয়ে দেয় রইসের সাথে । কিন্তু ডান চোখের নীচে ব্যাথাটা অনুভব করতেই থেমে গেলো ।

তারপরে আবারো দুইজনেই নিশ্চুপ হয়ে গেলো । কে কি বলবে ভেবে পাচ্ছিলোনা । এতো দ্রুতই কিভাবে দুইজনের কথোপকথনের বিষয় ফুরিয়ে যেতে পারে কেউ বুঝে উঠতে পারছিলোনা । তাও আবার কিনা কামরুনকে নিয়ে যেখানে কথা হচ্ছে । এই একজনকে নিয়ে কথা উঠলে সেই আলাপ আর থামতেই চায়না সহজে । অথচ এখন কারো মুখ দিয়ে আর কোন শব্দই বের হচ্ছেনা ।

ঠিক এমন সময়ে দূর থেকে কোন যানবাহনের আওয়াজ শুনে কান খাড়া করে থাকলো রইস আর সিরাজ । রাস্তা জনমানবহীন বলে বেশ দূরত্ব থাকলেও তার শব্দ শোনা গেলো । তারা দেখলো একটি সাদা মাইক্রোবাস তাদের থেকে চল্লিশ গজ দূরত্বে থেমে গেলো । সেকেন্ড পাঁচেক পরে একটা মানবশরীরকে রাস্তার নেড়ি কুকুর জ্ঞান করে মাইক্রোবাস থেকে নামিয়ে ফেলে মুহূর্তের মাঝেই হাওয়া হয়ে গেলো ।

রইস আর সিরাজ নিমেষেই বুঝে গেলো ঘটনা কি । নিশ্চয়ই খুনখারাবির ব্যাপার স্যাপার । মাইক্রোকে আর ধরার কোন উপায় নেই । দুইজনে দ্রুত ছুটে গিয়ে ফেলে যাওয়া মানবসন্তানের কাছে গেলো । দেখলো বছর আঠারো কি কুড়ি বছরের এক তরুণের সারা শরীরের অজস্র কাঁটাছেড়ার দাগ । রক্তে গোটা শার্ট ভিজে গেছে । রইস গিয়ে সেই শরীরের বুকের কাছে কান পাতলো । খুব স্তিমিত নিঃশ্বাস নেওয়ার শব্দের সাথে সাথে সেই শরীরের অস্ফুট কন্ঠে ‘ আমারে কেউ দয়া করে পানি দেন ‘ কথাটা শুনে মাত্র ছয় হাত দূরে থাকা সত্ত্বেও সিরাজকে চিৎকার করে বলে উঠলো “ ওই , অক্ষুনি পানি আনতে দৌড় দে । পুলাডা পানি খাইতে চাইতাছে দেরী করিসনা । দৌড় লাগা । “

অন্য কোন সময় হলে এই কথাগুলো বলার ধরণে সিরাজ মনে করতে পারতো রইস বুঝি বন্ধুর উপরে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করছে । কিন্তু এখন সেসব ভাবনার কিছুই মাথায় এলোনা তার । কিছুক্ষণ আগেই তারা তাদের প্রণয়িনীর জন্য একে অপরের জান নিয়ে নিতে উতলা হয়ে উঠেছিলো সেই কথাও তার আর মনে রইলোনা । আল্লাহর কাছে কিছু নির্জীব অভিযোগ , গরীব মানুষের ভাগ্যের প্রতি অভিসম্পাত আর দেশের পরিস্থিতিকে উদ্দেশ্য করে কিছু অশ্লীল গালি দিতে দিতে ছুটে গেলো পানির সন্ধানে ।

এদিকে রইস মাটিতে শায়িত শরীরের বুকের দিকে ঝুঁকেই আছে । অত্যন্ত সতর্কভাবে বুঝতে চেষ্টা করছে কোন সময় সেই শরীরের হৃদস্পন্দন স্তব্ধ হয়ে আসে কিনা । এভাবেই এক মিনিট কেটে গেলে রইস দেখতে পেলো কোত্থেকে পানির জগ নিয়ে হন্তদন্ত হয়ে সিরাজ দ্রুত তার ছুটে আসছে । তাদের কেউই তখন আর কামরুনকে নিয়ে কনামাত্র ভাবছেনা ।

ঠিক এমনই এক চমৎকার স্বার্থহীন ক্ষণে রক্তাক্ত শরীর নিয়ে শায়িত মানবসন্তানটি একটু বল পেয়ে উঠে বসার চেষ্টা করলো ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×