somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম পোস্টিং থেকে বদলি হওয়ার আগে আমার লেখা নোট

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে চুয়াডাঙ্গা থেকে অবমুক্ত হলাম। গত ২৭ জানুয়ারী আমাকে চুয়াডাঙ্গা ত্যাগের অনুমতি দেয়া হয়। আমার পরবর্তী চাকুরীস্থল বিভাগীয় কমিশনারের অফিস, বরিশাল। সেখান থেকে কোন এক উপজেলায় পাঠিয়ে দেয়া হবে। সেখানে এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এখান থেকে একটি বড় অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। জেলা প্রশাসকের কার্যালয়ের সকল শাখা, উপ-পরিচালক, স্থানীয় সরকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, জেল সুপারের দায়িত্ব একই সঙ্গে পালন করতে হয়েছে। এটি আমার জন্য একটি বিরল প্রাপ্তি ।

২০১০ সালের ০৪ ডিসেম্বর রাতে আমি চুয়াডাঙ্গা এসেছিলাম। খুলনা থেকে ট্রেনে। অনেক রাত তখন। সরাসরি গিয়ে উঠলাম সার্কিট হাউজে। পরদিন চুয়াডাঙ্গা দেখতে বের হয়েছিলাম। মনে হলো একটি ছোট বাজার। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সূর্যসেন হলের আমার রুমমেট দুইজন ছিলেন চুয়াডাঙ্গার। একজন আনিস ভাই। বর্তমানে পিএসসির উপ-পরিচালক। অন্যজনের নাম মামুন। সে কোথায় আছে জানিনা। পরে সাংবাদিকতাকালীন দৈনিক মানবজমিনে আমার সহকর্মী ছিল আহমেদ পিপুল। বর্তমানে এনটিভিতে। ফারুক নামের আরো একজন সাংবাদিকের সঙ্গে পরিচয় ছিল যার বাড়িও চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা আসার আগে এতটুকুই ছিল আমার চুয়াডাঙ্গা বিষয়ক অভিজ্ঞতা।

যাই হোক-চুয়াডাঙ্গা গত তিন বছর দুই মাস ছিলাম। এর মধ্যে ঢাকায় বিভিন্ন প্রশিক্ষণে প্রায় ১৩ মাস কেটেছে। চুয়াডাঙ্গায় অবস্থানকালীন জাতীয় সংসদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, দুই পর্যায়ে ইউনিয়ন নির্বাচন এবং সর্বশেষ যৌথবাহিনীর অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বলতে গেলে চুয়াডাঙ্গার প্রতিটি ইউনিয়ন ঘুরে দেখেছি। এ জেলায় প্রচন্ড গরম। আবার প্রচন্ড ঠান্ডা। জেলাটির ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে যাওয়ার কারণেই এই অবস্থা। প্রথম দিন মনে হয়েছিল সাইবেরিয়া প্রবেশ করছি। চুয়াডাঙ্গায় গতবছর ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাংলাদেশে এমন ঠান্ডা পড়ে এখানে না এলে বুঝার উপায় ছিলনা। দেশের সর্ব্বোচ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি এর গরমের অভিজ্ঞতাও আমার হয়েছে। ওইদিন আমার ত্বকে জ্বলুনি শুরু করেছিল। কিন্তু এবার ততটা শীত পড়েনি। হতে পারে এ এলাকার আবহাওয়া আমি মানিয়ে নিয়েছিলাম। তবে সবকিছু মানিয়ে নেয়ার পরই আমার বিদায় নিচ্ছি।

চুয়াডাঙ্গা জেলায় ভূগর্ভস্থ পানি ছাড়া পানির আর কোন উৎস নেই। ফারাক্কা বাধের প্রভাবে সকল নদী শুকিয়ে গেছে। বর্ষাকালে মাখাভাঙ্গা নদীতে একটু পানি থাকে। কিন্তু কোন বাঁধ বা স্লুইস গেট না থাকার ফলে সবটুকু পানিই ভারতে চলে যায়। এরপরও ফসলের মাঠ দেখলে প্রাণ জুড়িয়ে যায়। না দেখলে বিশ্বাস করা কঠিন। আমার মনে হয়, এত ফলন দেশের কোথাও হয়না। গাড়ি থেকে নেমে ক্ষেতের আল ধরে দৌড়াতে ইচ্ছা করে। এখনো বিস্তির্ণ এলাকা ফসলের মাঠ। তবে গ্রামের বাড়িঘর আমার ভালো লাগেনি। লোকজন রাস্তাকে কেন্দ্র করে ঘর তৈরী করে। গ্রামে গিয়ে আমার মনে হয়েছে একেকটি রিফিউজি ক্যাম্প। কারো কোন উঠোন নেই। যে যেভাবে পারে ঘর তৈরী করেন। সরকারী রাস্তার ওপর ঘর করা হয় বলে গহীণ গ্রামে গিয়েও কয়েকটি ঘর আমাকে ভেঙ্গে ফেলতে হয়েছে। গ্রামেও পুকুর নেই বললেই চলে।

পুকুর না থাকলেও চুয়াডাঙ্গায় মোট ৭২টি বিল রয়েছে। এর মধ্যে ২০ একরের ঊর্ধ্বে বিলের সংখ্যা ২৮টি। রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) হিসেবে এসব বিলের দেখাশুনা করেছি। এসব বিলের ইজারা হয় ‘জাল যার জলা তার’ নীতিতে। কিন্তু জাল যার আছে তার নামে রাজনৈতিক ব্যক্তিরাই এর নিয়ন্ত্রক। অনেক বিল খননের জন্য প্রকল্পে ভূমি মন্ত্রণালয় থেকে ইজারা নেয়া হলেও কেউ কখনোই বিল খনন করেনি। অনির্বায্য কারণেই এসব দেখা হয়না। দেশের প্রথম দুটি রেকর্ড-সিএস ও এসএ রেকর্ডে বিলের জমি ঠিক থাকলেও আরএস রেকর্ডে বেশিরভাগ জমি ব্যক্তি নামে রেকর্ড করা হয়েছে। আমি দায়িত্ব নিয়ে তালিকা করে রেকর্ড সংশোধনের জন্য বেশ কিছু মামলা করেছি। উদাহরণ হিসেবে বলা যায়, সিএস ও এসএ রেকর্ডে ভান্ডারদহ বিলের জমির পরিমাণ ১৬৯.২২ একর। কিন্তু আরএস রেকর্ডে ১১৯.৯৭ একর। বাকী সব জমি ব্যক্তি নামে অবৈধভাবে রেকর্ড করিয়ে নেয়া হয়েছে। সিএস ও এসএ রেকর্ডে হারদা বিলের জমির পরিমাণ ১১১.০৭ একর। কিন্তু আরএস রেকর্ডে মাত্র ৪৫.০০ একর। তালিকা ভারী হবে বলে বেশি বিলের নাম লিখলাম না। এরকম ২৮টি বিল রয়েছে। অথচ এসএন্ডটি এ্যাক্ট, ১৯৫০ অনুযায়ী বিলের জমির শ্রেণী পরিবর্তন করা, বন্দোবস্ত দেয়া বা ব্যক্তি নামে রেকর্ড হওয়ার সুযোগ নেই। ভূমি ব্যবস্থাপনা কেন প্রশাসন ক্যাডারের হাতে দেয়া হয়েছে-এর বড় কারণ এটিই। এই অপকর্মগুলো করেছিলেন আশির দশকে তৎকালীন সিও (রেভ) পদবীর কর্মকর্তারা। এদের হাতে সরকারী জমির ব্যবস্থাপনা থাকলে বর্তমানে কোন জমি সরকারের নামে অবশিষ্ট থাকতো কিনা- সন্দেহ। যারা এখনো মনে করেন - প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের হাত থেকে ল্যান্ড নন ক্যাডারের হাতে তুলে দেবেন- আমার চুয়াডাঙ্গার অভিজ্ঞতা তাদের জন্য কাজে লাগতে পারে।

চুয়াডাঙ্গায় এত বিল থাকতেও মাছ আসে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে। অবাক লাগে আমার। এসব বিল ভালো করে ব্যবস্থাপনা করা হলে এ জেলা থেকেই মাছ অন্য জেলায় পাঠাতে হতো। এখানে অনেক বৈধ অবৈধ ইটের ভাটা গড়ে উঠেছে। আমি ইটের ভাটায় মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পেয়ে অনেক চিমনি গুড়িয়ে দিয়েছিলাম। গাছ জব্দ করে নিলাম করেছিলাম। এরপর থেকে আমাকে আর এই বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেয়া হয়নি। এত ইটের ভাটা জমির উপরিভাগ (টপ সয়েল) শেষ করে ফেলেছে। আমার মনে হয়েছে, ইটের ভাটার মালিকদের সঙ্গে সরকার যদি এই চুক্তিতে উপনীত হয়- ইটের ভাটার জন্য মাটি কেবল বিল থেকেই যাবে, অন্য কোন জমি থেকে নয়- তবে ফসল আর মৎস্য দুটি খাতের জন্যই চুয়াডাঙ্গার নাম সবাইকে স্মরণ করতে হতো।

আমি এখানে দায়িত্ব পালন করাকালে সরকারের জমিকে নিজের পৈত্রিক জমি মনে করেছি। অর্পিত ও ভিপি সম্পত্তির লীজমানি আদায়ে চুয়াডাঙ্গা জেলা হওয়ার পর আমার আদায়ই সবোর্চ্চ। সার্টিফিকেট অফিসার হিসেবে লাল নোটিশ দিয়ে মামলা হওয়ার আগেই বিভিন্ন ব্যাংকের কোটি কোটি টাকা ঋণ আদায় করে দিয়েছি। ২৫ বছরের অধিক সময় ধরে ঝুলতে থাকা মামলাগুলো নিষ্পত্তি করেছি। বর্তমানে মাত্র ৫৫টি মামলা রয়েছে। কোন জেলায় এত কম সার্টিফিকেট মামলা নেই। এ নিয়ে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় লিখেছিও।

আমি সাংবাদিক থাকার কারণে যে জেলাতেই যাবো সেখানেই আমার সাবেক সহকর্মী সাংবাদিকদের পাবো। চুয়াডাঙ্গাও তার ব্যত্ক্রিম ছিলনা। এখানে এসে দুটি প্রেসক্লাব দেখতে পেয়েছিলাম। আমার ভালো লেগেছে যে, এখন একটি প্রেসক্লাব দেখে যাচ্ছি। সবাই পেশার কারণে ঐক্যবদ্ধ হয়েছেন। অনেক সাংবাদিকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক তৈরী হয়েছে। এদেরকে মনে পড়লে অবশ্যই খারাপ লাগবে। নামের তালিকা লম্বা হবে বলে এদের নাম উল্লেখ করলাম না বলে আশা করি কেউ মনে কষ্ট পাবেন না।

আমাদের চাকুরীর অন্যতম দায়িত্ব মোবাইল কোর্ট পরিচালনা। এই দায়িত্ব আমাকেও পালন করতে হয়েছে। এ দায়িত্ব পালন করতে গিয়ে আমি কোন তদবীর শুনিনি। আমি মাদকের মামলায় যাদের শাস্তি দিয়ে কারাগারে প্রেরণ করেছিলাম, তাদের কেউ আপীলে ছাড়া পায়নি। না জেলা ম্যাজিস্ট্রেটের কোর্ট থেকে না জেলা জজ আদালত থেকে। আমি এরকম একটি বিরল সফলতার দাবীদার।

তবে আমার ব্যর্থতাও আছে। জেলা রেকর্ডরুমকে দালালমুক্ত করতে গিয়ে পারিনি। দায়িত্ব পেয়ে আমি দেখলাম, রেকর্ডরুমে ৬ জন জনবল প্রতিদিন ৬০-৭০টি রেকর্ডের নকল সরবরাহ করতে পারে। কিন্তু প্রতিদিন ২০০-৩০০ নকল প্রাপ্তির আবেদন পড়ছে। ফলে রেকর্ড রুমে প্রায় ২ দুই হাজার আবেদন পেন্ডিং থাকে। অবস্থা এমন- যে আগে যোগাযোগ করে সে আগে রেকর্ড পায়। এজন্য একটি দালাল গ্রুপ তৈরী হয়েছে। এরা আইনজীবীদের মুহুরী। রেকর্ডরুমের লোকজনের সঙ্গে তাদের একটি আধ্যাত্মিক (!) সম্পর্ক দেখতে পাই। আমি রেকর্ড রুম আর জনগণ এই দুইয়ের মাঝখান থেকে এদের তাড়াতে চাইলাম। প্রথম পদক্ষেপ হিসেবে, প্রতিদিন ৫০ টি আবেদন নিতে শুরু করি। কর্মচারীদের টার্গেট ঠিক করে দেই- প্রতিদিন ১০০ রেকর্ড লিখতে হবে। এর মধ্যে নতুন ৫০ আর পুরাতন আবেদন ৫০। ধীরে ধীরে বাড়িয়ে প্রতিদিন ২০০ পর্যন্ত টার্গেট দিলাম। জমে থাকা সকল আবেদন শেষ হয়ে গেল। এবার নতুন আবেদন ৫০ থেকে বাড়িয়ে ২০০ নেয়া শুরু করি। মুহুরীদের কাছ থেকে আবেদন যাতে কিনতে না হয় সেজন্য আমি একটি আবেদনের নমুনা শহরের বিভিন্ন ফটোকপি দোকানগুলোকে দিলাম। মানুষের মধ্যে সাড়া পড়ে গেল। মুহুরীদের অবৈধ ব্যবসা ক্ষতিগ্রস্থ হলো। তাদের প্রতিদিনের ১০ হাজার টাকার অবৈধ লেনদেনে বাধা পড়লো। একারণে আমি আইনজীবী আর মুহুরীদের চক্ষুশুল হয়ে গেলাম। কয়েকজন আইনজীবী আমার নামের সঙ্গে জেলা প্রশাসক আর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে বিবাদী করে সিভিল কোর্টে মামলা করে দেয়। মামলার আরজিতে- পূর্বে যেভাবে নেয়া হতো সেভাবেই নিতে বাধ্য করতে এবং ভবিষ্যতে মুহুরীদের রেকর্ডের নকল তুলতে যাতে বাধা দেয়া না হয় সেজন্য আমার বিরুদ্ধে আদেশ প্রার্থনা করা হয়। সংশ্লিষ্ট সহকারী জজকে গিয়ে আমি বুঝালাম। সে আমাকে বললো- 'আপনি একটি ঐতিহাসিক কাজ করছেন। আগে প্রতিদিন ৭০-৮০টি দিতেন, এখন ২০০ দিচ্ছেন।' আমাকে একথা বলার পর তিনিই আবার অজ্ঞাত কারণে নিষেধাজ্ঞা দিয়ে দেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৫ ধারা অনুযায়ী এ বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া না গেলেও সংশ্লিষ্ট জজ তা করলেন। বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এ নিয়ে আমার মাথা ব্যথাও নেই। তবে আমাদের সার্ভিসে ভালো হলে বসদের ধন্যবাদ পাওয়া যায়না। কিন্তু খারাপ হলে রেহাই নেই। মামলা হওয়ার পর আমাকে ডেকে নিয়ে ডিসি স্যার বললেন, দেখেছো, এদেশে এই চোর চোট্টাদের মাঝে ভালো করা কতটা কঠিন। সিনিয়র স্যারদের অকুণ্ঠ সমর্থনে আমি কঠিন সেই দিনগুলো পার করেছিলাম। অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের। পরে অবশ্য মামলার বাদী পক্ষ নিজেরাই আবেদন দিয়ে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মামলার কারণে আমি রেকর্ডরুম দালালমুক্ত করতে পারিনি। তবে ব্যাকলক মুক্ত করেছিলাম। এখনো সেটি অব্যাহত আছে। মামলার কারণেই নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনা করার সময় আইনজীবীদের সঙ্গে আমার সম্পর্ক ভালো যায়নি।

চুয়াডাঙ্গায় বেশ কিছু সরকারী জমিতে এমনকি হাটের পেরিফেরিতে পুলিশ বিভাগ স্থানীয় লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মার্কেট করেছে। জেলা পুলিশে কর্মরত সদস্যদের কল্যাণে এসব মার্কেট করা হলেও আসলে বর্তমান সরকারী নীতিমালায় এসব করার সুযোগ নেই। আমি সরকারী জমি রক্ষা করতে গিয়ে পুলিশ সুপারের বিরাগভাজন হয়েছি। যদিও আমার ব্যক্তিগত কোন স্বার্থ ছিলনা। তবে একব্যক্তি চাদাঁ চেয়ে আমাকে হুমকি দিয়েছিল। আমি তাকে কথা দিয়েছিলাম ৭ দিনের মধ্যে ধরে চুয়াডাঙ্গা নিয়ে আসবো। হুমকি পাওয়ার পর ফেসবুকে প্রতিদিন আপডেট দিয়েছিলাম। তারপর ৬ দিনের মাথায় তাকে ধরিয়ে চুয়াডাঙ্গা এনেছিলাম। ওই ব্যক্তি অনেক মানুষকে চাদাঁর জন্য হুমকি দিয়ে তাদের জীবন দুর্বিসহ করে তুলেছিল। কিন্তু কেউ তার বিরুদ্ধে মামলা করতে সাহস পায়নি। আমি তার বিরুদ্ধে মামলা করি। আর এ কারণিই হয়ত চুয়াডাঙ্গা আবার আমাকে আসতে হবে। তবে এর পুরো কৃতিত্ব পুলিশ বিভাগের। আমাকে সহায়তা করার জন্য তাদের কৃতজ্ঞতা না জানালে আমি অকৃতজ্ঞ বলে বিবেচিত হবো।

চুয়াডাঙ্গায় আমার যে বিষয়টি মনে পড়বে তা হলো- আমি দুটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন অনুমোদন করিয়ে দিয়েছি। সাভারে পিএটিসিতে সকল ক্যাডারের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স করতে হয়। আমাকেও সেখানে যেতে হয়। প্রশিক্ষণে একটি কর্মসূচী ছিল, ডু ফর বাংলাদেশ। সমস্যা চিহ্নিত করে তার সমাধান দেয়া। আমি বেশি টিএডিএ পাবোনা জেনেও সমস্যা সমাধানের এলাকা হিসেবে চুয়াডাঙ্গা বাছাই করেছিলাম। আামদের ক্ষেত্র ঠিক করে দেয়া হয়েছিল। প্রাথমিক বিদ্যালয়। আমি চুয়াডাঙ্গার বেশকিছু প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে দেখতে পাই-এখানে ৭টি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। বাচ্চারা ক্লাস করে ভবনের বাইরে। গাছতলায়। আর পুলিশ স্কুল ভবনে। লোকজনের কাছে শিক্ষার চেয়ে নিরাপত্তাই প্রধান ছিল একসময়। তখন এসব ক্যাম্প স্থাপন করা হয়েছিল। পরে পুলিশ আর ভবন ছাড়েনি। এসব দেখে পিএটিসিতে ফিরে যাই। একদিন প্রাথমিক শিক্ষা সচিব ও অধিদপ্তরের মহাপরিচালক স্যার পিএটিসিতে গেলেন। আমাদের অভিজ্ঞতা শুনলেন। কোর্সে অংশগ্রহণকারীরা প্রাথমিক শিক্ষার প্রশংসা করেছিল। আমি বলেছিলাম, চুয়াডাঙ্গায় বাচ্চারা এখনো গাছের নিচে ক্লাস করে। সঙ্গে সঙ্গে সচিব স্যার চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ফোন করলেন। তিনি জানালেন, ঘটনা সঠিক। পরে ক্লাশেই স্যার আমাকে প্রতিশ্রুতি দিলেন, ওই স্কুলগুলোতে ভবন করে দেয়া হবে। এর পর আমি লেগে ছিলাম। ফলে আলমডাঙ্গা উপজেলার পাচঁকমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় আর দামুড়হুদা উপজেলার ছূটিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন অনুমোদন করা হয়।

চাদেঁ পা ফেলে নীল আর্মস্ট্রং একটি কথা বলেছিলেন, ওয়ান স্মল ফুট স্টেপ। সরকারী চাকুরীতে চুয়াডাঙ্গা ছিল আমার প্রথম পোস্টিং। প্রথম পদক্ষেপ।

The woods are lovely, dark, and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep. (Stopping by Woods on a Snowy Evening by Robert Frost)

আগামী বৃহষ্পতিবার বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। কারও মনে কোন কষ্ট দিয়ে থাকলে জোড় হাতে ক্ষমা চাইছি। বিদায় চুয়াডাঙ্গা।

সর্বশেষ আপডেট: পরবর্তীতে আমি বরিশাল বিভাগীয় কমিশনার অফিসে গিয়ে যোগদান করি। সেখান থেকে আমাকে পটুয়াখালি জেলার গলাচিপা উপজেলায় এসি ল্যান্ড হিসেবে প্রেরণ করা হয়। তবে যোগদান করে এখনো কাজ শুরু করতে পারিনি। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ গঠনে চলমান কাজে সহয়তা করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত হয়ে কাজ করছি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ছাড়া পেলেই আমার আমার পরবর্তী চ্যালেঞ্জ হিসেবে এসি ল্যান্ডের কাজ শুরু করবো।

আমার বদলীর পর চুয়াডাঙ্গা মানুষের প্রতিক্রিয়া দেখুন-
Click This Link

দালাল উচ্ছেদ করতে গিয়ে আমার বিরুদ্ধে সিভিল কোর্টে মামলার খবর দেখুন-
http://uttaradhikar71news.com/news/?id=7212

দৈনিক কালের কন্ঠ পত্রিকায় ২২ বছর পর ঋণ আদায় নিয়ে লিখেছিলাম-
Click This Link
ইট ভাটায় আমার অভিযান-
Click This Link

চুয়াডাঙ্গায় পুলিশ কর্তৃক খাসজমি দখল করে মার্কেট নির্মাণের খবর প্রায় সকল পত্রিকায় ছাপা হয়েছিল..
http://manobkantha.com/2013/08/01/132497.html

সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৭
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×