গোলাপটা মাটিতে পড়ে আছে। আরেকবার তাকালাম। জীর্ণ, শুকিয়ে গেছে। মনে হলো একদিনের পুরোনো। মনের মাঝে রাজ্যের প্রশ্ন এসে ভীড় করলো। ঐ জায়গাতে কোথা থেকে এলো এটি? কে ফেললো এখানে? কিজন্যে?......সিগারেটের দোকানের সামনে পড়ে থাকা একটি ফুলকে নিয়ে এতো ভাবিত হবার কি আছে! ঢাকার রাস্তায় তো অনেক কিছুই পড়ে থাকে।
অফিসে যাওয়ার পথে ফার্মগেট ব্রিজের কাছেই পড়ে ছিলো গোলাপ ফুলটি। প্রত্যেকদিন অফিসে যাওয়ার সময় মাটির দিকে তাকিয়ে মানুষের ফেলে দেওয়া জিনিসগুলো পর্যবেক্ষণ করতে বেশ ভালো লাগে। দেশের মানুষের মতি-গতি বুঝার একটা নিদারুণ চেষ্টা বলা চলে একে।
আমাদের দেশের মানুষ থুথু-নাকের ময়লা থেকে শুরু করে ডেনিশ দুধের কৌটা পর্যন্ত অনেক কিছুই রাজপথে ফেলে দেয়। অনেক বড় বড় মহাজন আবার কায়দা করে ফুটপাতের যে জায়গা দিয়ে রাস্তা পারাপার করতে হয়, ঠিক ঐখানে কলার ছিলকা ফেলে রাখেন। বোধকরি মানুষের চিৎপটাং হওয়ার সম্ভাবনার কথা তাদের গোবর ভরা মাথাতেই আসে না।
রাজপথে চলতে চলতে অনেক কিছুই দেখি। কিন্তু, শেষ কবে গোলাপ ফুল পড়ে থাকতে দেখেছি মনে করে উঠতে পারলাম না। গোলাপ ফুল তো পড়ে থাকবে শাহবাগের ওলিতে-গলিতে। নিম্ন মধ্যবিত্য মানুষদের আনাগোনায় সদা ব্যস্ত ফার্মগেটে আসতে যাবে কোন দুঃখে!
তাই ক্ষণিকের জন্যে একটু হলেও ভাবিত হতেই হলো।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৬ রাত ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



