এই ব্যঙ্গাত্বক পুঁথিটি ২০০৯ সালের মে মাসের মাঝামাঝি সময়ে লেখা। আওয়ামী জোট সরকারের যাত্রা শুরু হয়েছে কয়েক মাস হলো। এ সময় আমিও বিশ্ববিদ্যালয়জীবন শুরু করেছি। হলে নতুন ওঠেছি আর বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাকে বোঝার চেষ্টা করছি। সে সময়ের কিছু ঘটনাবলির আলোকে অপরিপক্ক হাতের লেখা ছোট্ট এই পুঁথিটি অনেক দিন পর দেখে অজান্তেই ঠোঁটের কোণে হাসি চলে আসলো। তাই এটি শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। মনে হচ্ছে কিছু কিছু ঘটনা এখনো ঘটছে আর ভবিষ্যতেও ঘটবে। এ যে আমার শাশ্বত বাংলা...
শোনেন শোনেন সুধীজন শোনেন দিয়া মন
দিন বদলের কথা কিছু করিব বর্ণন।
অভাগা এক দেশ ছিল, নাম বাংলাদেশ
দূর্নীতির চিপায় পইড়া কাম হইলো শেষ।
চড়াই-উৎড়াই পার কইরা হইলো নির্বাচন
সুখের আশায় বুক বান্ধিলো দেশের জনগণ।
নবীন-প্রবীণ সবে দিলো স্বত:স্ফূর্ত ভোট
সরকার গঠন করলো ভাইরে চৌদ্দ দলের জোট।
চারিদিকে আশার বাণী ছড়াইয়া পড়িলো,
সুধীজন-গুণীজন নড়িয়া বসিলো।
যে যায় লঙ্কায় রে ভাই, সে-ই হয় রাবণ
শুরু হইলো সবার বুকে দুরু দুরু কাঁপন।
ছাত্র নামের ক্যাডার ভাইরে অস্ত্র হাতে লইয়া,
হল-ক্যাম্পাস দখল করলো ‘নরপশু’ হইয়া।
চাঁদাবাজি-টেন্ডারবাজি সমানে চলিলো,
সাবাশ সাবাশ ‘তাগড়া জোয়ান’ সকলে বলিলো।
‘ভবিষ্যতে তোমরা হইবা দেশের কর্ণধার,
কে করিবে মানব সেবা তোমরা ছাড়া আর ?’
দেশের সেবা করতে চাইলে ক্ষমতা চাই আগে,
ক্ষমতাহীন শিক্ষা কি আর কোন কাজে লাগে ?
কথার তুবড়ি চলছে রে ভাই মন্ত্রী-এমপির মুখে,
এমন কারো শক্তি আছে তাঁদের জবান রুখে ?
আবোল-তাবোল কথা কইয়া বিতর্কিত হয়
ফলের মাঝে পাওয়া যায় রে বৃক্ষের পরিচয়।
দিন বদলের আরো কথা বলিবো এবার,
পানি-বিদ্যুৎ-গ্যাসের জন্য চলছে হাহাকার।
বিদ্যুৎ আগে যেত, এখন মাঝে মাঝে আসে,
জনজীবন নাকাল হইলো উঠতি নাভিশ্বাসে।
ক্ষমতার দাপট তো ভাই আগের মতোই আছে,
সেই দাপটেই চলছে তাঁরা আম-জনতার মাঝে।
তাঁদের থেকেও শেখার মতো আছে কিছু ভাই,
‘দেশের সেবা করতে চাইলে নিজের ভাগটা চাই’।
কৃষক-শ্রমিক দেশের তরে মরছে যখন খেটে,
লাভের ফসল যাচ্ছে তখন ‘বোয়াল মাছের পেটে’!
তাঁদের দ্বারাই দেশটা এখন চলছে উল্টো রথে,
তবু সবে হাঁটিতেছি দিন বদলের পথে।
গরিব-দু:খির জীবন সে তো আগের মতোই আছে,
অনাহারে-অর্ধাহারে মরার মতো বাঁচে।
এমনি করেই চলতেছে ভাই ‘দিন বদলের’ দিন,
কেমন করে শোধ হবে হায় এতো সুখের ঋণ !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


