আজ ২১ সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস। বিশ্বব্যাপী এই দিনটি International Day of Peace বা Peace Day নামেও পরিচিত। সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য যারা নিরন্তর চেষ্টা চালিয়েছেন তাদের অবদানকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিনটি পালিত হয়। এই দিনটিকে পৃথিবীর সর্বত্র যুদ্ধ বিরতির দিন হিসেবেও মনে করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৮১ সালে দিনটিকে স্বীকৃতি দেওয়া হলে পরের বছর ১৯৮২ থেকে তা পৃথিবীব্যাপী উদযাপিত হয়। ২০০১ সালের পর্যন্ত সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার আন্তর্জতিক শান্তি দিবস পালন করা হতো। পরবর্তীতে সাধারণ পরিষদের সিদ্ধান্তে ২১ সেপ্টেম্বর স্থায়ীভাবে দিনটি পালনের ব্যাপারে ঘোষণা হয়। এই দিনে জাতিসংঘের পক্ষ থেকে সারা পৃথিবীতে সব ধরণের যুদ্ধ-সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়।
যদিও জাতিসংঘ প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল যুদ্ধের বিভীষিকা থেকে পৃথিবীর মনুষকে রক্ষা করে শান্তির সুবাতাস বইয়ে দেওয়া। কিন্তু কিছু দেশের ভোগবাদী মানসিকতার জন্য তা অধরাই থেকে গেল। উপরন্তু জাতিসংঘ তাদের ক্রীড়নকে পরিণত হয়েছে। ঘরের কোণের সেই ছোট্ট ইঁদুর ছানাটির মতোই ‘চিঁ চিঁ’ করছে, যার আর্তনাদ বিশ্বরাজনীতির রাঘব-বোয়ালদের কান পর্যন্ত পৌছে না। জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে দিকে দিকে শান্তির বাণী ছড়িয়ে পড়েছে ঠিকই, কিন্তু ‘শান্তি’ শব্দটির ব্যাপকতা আমরা আজও উপলব্ধি করতে পারিনি; বিশেষ করে- যারা পুঁজির প্রসারের মাধ্যমে বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, তাদের কাছে কখনো-ই শব্দটি তার আপন অর্থে পৌঁছাবে না। আর তারাই শান্তির নামে অশান্তির বেসাতি করছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এর চেয়ে বড় প্রপঞ্চ বোধ হয় আর হতে পারে না। আন্তর্জাতিক শান্তি দিবসের উদ্দেশ্য সেদিনই সফল হবে যেদিন সবাই পৃথিবীব্যাপী শান্তি প্রতিষ্ঠায় আরও বেশি সচেষ্ট হবে। আর ততদিন পর্যন্ত হয়তো আমাদের শুনতে হবে ক্ষুধিতের আর্তনাদ, অস্ত্রের ঝনঝনানি। দেখতে হবে রক্তের হোলিখেলা। শান্তি দিবসের আহ্বান সফল হোক।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


