০৭/১০/২০১১
অনন্যা,
খুব বেশী গভীর রাত নয় এখন, চাকরী পাওয়ার পর থেকে রাত আমাকে খুব তাড়াতাড়ি বিছানায় পাঠিয়ে দেয় বলে এখন আর রাতের গভীরতার ছোঁয়া পাই না তেমন, যেমন ধর এখনই আমার একটু একটু ঘুম চলে আসছে চক্ষু জুড়ে, হয়ত তোমাকে চিঠি লেখা শেষ করেই বিছানায় গা এলিয়ে দিব, আজ রাতে তোমার সাথে অনেক কথা বলতে ইচ্ছা করছে কিন্তু মোনাইলে টাকা নেই বলে বলতে পারছি না, তোমার ও যেহেতু নেই তাই তোমাকে আর কল করতে বললাম না, রাত এক না এক ভাবে তো পার হয়েই যাবে। আসলে কোনো কিছুই তো আর কারও জন্য থেমে থাকে না, আমাদের প্রিয় মানুষগুলো আমাদের ছেড়ে পুরোপুরি চলে যাওয়ার পর ও আমরা আগের মতই চলে বেড়াই, জীবন তার আপন গতিতেই চলতে থাকে।
কবিতা জীবন থেকে হারিয়ে যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কবিতার ছোঁয়া খুব করে পেতে ইচ্ছা করছে, লেখালেখি নেশা না হলেও গত কয়েক বছরে জীবনের সাথে যেভাবে মিশে গেছে তাতে কবিতা থেকে এখন দূরে থাকা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ছে। সাহিত্যের এই বিভাগ গুলো এতটাই জটিল যে চাইলেই কলমের আঁচড়ে সব স্বপ্ন গেঁথে ফেলা যায় না। হৃদয়ের ছোঁয়া ও ভাগ্যের ছোঁয়া দুটো এক হলেই হয়ত সাদা খাতায় কিছু শব্দ স্থান করে নেয়। আমার কাছে অন্তত সেরকম ই একটা কিছু মনে হয়। দক্ষতার পাশাপাশি ভাগ্য ও একটা চরিত্রে অভিনয় করে।
তুমি ছাড়া আজকের এই রাত আমার ভালো কাটবে না বুঝতে পারছি। ঘুম হারিয়ে গেছে পুরোপুরি ভাবে, এখন কি করে সময়টা কাটাব সেটাই চিন্তা করছি। শুধু গান শুনে কি রাত পাড়ি দেওয়া যাবে। কবিতা লেখার কি চেষ্টা করব আবারো, কি নিয়ে লিখব আজ, কাকে নিয়ে লিখব আমি। তোমাকে নিয়ে, মায়াকে নিয়ে নাকি নিজেকে নিয়ে ? হাসছ নাকি ভাবছ কিছু? হেসো না বরং কিছু একটা ভেবে বল আমায়। এখন পড়শীর গান শুনতেছি, ও আর ওর ভাই মিলে যেই গানটা লিখছে সেই গানটা আমার সবচেয়ে ভাল লাগছে। গানগুলো একবার করে শুনছি, দ্বিতীয়বার শুনলে হয়ত বাকী গানগুলো ও ভাল লাগবে।
সব এত এলোমেলো কেন, যা করতে চাই করতে পারি না কেন, যা ভাবি তা শুধু ভাবনাই থেকে যায় কেন, নিজেকে কপাল পোড়া লাগে কেন, এত কেন এর উত্তর কে দিবে আমায় ?
অনন্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


