১৮।০১।২০১২
প্রিয় অনন্যা,
কি লিখব তোমায় সত্যি বুঝতে পারছি না আমি, কিছুদিন আগেও সবকথা তোমাকে বলতাম, এখন বুঝি সব তোমাকে বলা উচিত হয়নি কেননা সব কথা তোমাকে বন্ধু হিসেবে বলেছি, নিজের ভেতরের কষ্টগুলো যদি বন্ধুকে না বলি তাহলে আর কাকে বলব কিন্তু তুমি যেভাবে কথাগুলোকে নিয়ে আমাকে উত্তর দিয়েছ তোমার কর্মকাণ্ডে তা আমার মেনে নিতে অনেক কষ্ট হয়েছে এমনকি আমি অনেক কিছু মেনেও নিতে পারিনি।
তোমার সাথে গত বার তারিখের পর আর কথা হয়নি, এই কয়দিন ধরে কেমন আছ তুমি সত্যি আমি তা জানি না, তোমার বন্ধুর কাছ থেকে শুনেছি তুমি ভাল আছ কিন্তু আসলেই কি তুমি ভাল আছ অনন্যা। আমার কেন যেন মনে হচ্ছে তুমি ভাল নেই। গত কয়েকদিনে আমার সাথে কি কি ঘটেছে তা আমি আর তোমায় বলতে চাই না তবে এটুকু জেনে রাখ তোমার এই বন্ধু ভাল নেই। কেন ভাল নেই তা তোমার অজানাই থাকল, সবসময় সবকিছু জানা প্রয়োজন ও নয় বটে।
জীবনের অনেক ধাপেই বাঁধা আসে, বাঁধা আসে আমাদের প্রিয় কাজগুলোর বিরুদ্ধে, হয়ত আমরা বাঁধা অতিক্রমের জন্য কেউ কেউ যুদ্ধ করি আর কেউ হয়ত নিশ্চুপ বসে থেকে জীবন নাটকের গল্প দেখি, নাটকের গল্প আগে থেকে জানলেও জীবনের গল্প যে আগে থেকে জানতে পারি না আমরা। হয়ত আমাদের এমন নীরবতাও এক প্রকার যুদ্ধ।
আজ একটি কবিতা লিখেছি, কবিতাটি যেহেতু ভালবাসার উপর ভিত্তি করে লেখা সেহেতু ধরে নিতে পার এই কবিতাটিও তোমার জন্য অনন্যা কেননা আমি এখন শুধু তোমাকেই ভালবাসি।
কিছু কথা থাকে যা একান্ত নিজের কিন্তু ঐ কথাগুলো জানার জন্য কেউ যদি কৌতুহল বশত লেখকের অগোচরে পড়ে ফেলে তা সত্যি মনের ভিতর তীব্র বেদনার সৃষ্টি করে। এভবে কেন প্রিয় মানুষেরা সারাজীবন যন্ত্রনা দিয়ে বেড়ায় আমি বুঝতে পারিনা।তুমি দুঃখ পেলে কাঁদতে পার, কেঁদে হালকা হও আর আমি কান্নার কোন ছোঁয়া পাইনা আমার মধ্যে, কষ্টে চোখের জল ও শুকিয়ে গেছে।
একটা মানুষের স্বাধীনতায় যখন হস্তক্ষেপ করা হয় তখন মানুষটা আর শান্ত থাকতে পারে না কিন্তু কি অবলীলায় আমি শান্ত শিশুর মত আচরণ করছি। আমি নিজেকে কি বলব তা আমি বুঝে পাই না। আমি কি রক্ত মাংশে গড়া মানুষ নাকি অন্য কিছু তা আমি বুঝতে পারি না। আমার জীবনটা এমন কেন। সব ভেঙ্গে চুড়ে কোথাও চলে যেতে পারতাম, ভাল লাগত তাহলে। এই বন্দী জীবন আর টেনে নিতে ভাল লাগে না আমার আজকের চিঠি এখানেই শেষ করছি, ভাল থাক, সুস্থ থাক ও আনন্দে থাক।
অনন্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


