১৯।০১।২০১২
সন্ধ্যা ৭ টা ৪৫
প্রিয় অনন্যা,
কেমন আছ তুমি, ভালই আছ নিশ্চয়। আমার সময় কেটে যাচ্ছে একভাবে যেভাবে এতদিন কেটেছে। সময়কে দ্রুত টেনে হিঁচড়ে নিতে ইচ্ছা করছে কেননা যত সময় কাটবে জীবনের আয়ু শেষ হওয়ার সময় তত কমে আসবে। যাই হোক চিঠির শুরুতে এসব আর না বলি। তোমার পড়ালেখা কেমন চলছে, ভাল করে পড়াশুনা কর, সময় আর বেশি বাকী নেই পরীক্ষার। আর পরীক্ষা শেষ হতে না হতেই তো আবার ভর্তি পরীক্ষা নিয়ে যুদ্ধ, আশা করি তুমি সবকিছু ভালভাবেই উতরে যাবে।
এবার আমার কথা বলি যদিও আমি জানি না তুমি আমার কথা পড়তে কতটা আগ্রহী, তারপরেও চিঠি যেহেতু লিখতে বসেছি নিজের সম্পর্কে কিছু কথাতো বলতেই হবে। ভালই আছি আমি, অফিসে যাই, এখনো তেমন কাজ শুরু হয়নি, সারাদিন বসেই থাকা হয় আর ফেইসবুকে সময় কাটানো, পড়াশুনা মোটেও হয় না। অফিসে এখন তিনজন থেকে চারজন স্টাফ হয়েছে, নতুন একটা মেয়ে এসেছে লোন ডিপার্টমেন্টে। ও গত পরশু এসেছে আমাদের ব্রাঞ্চে। আমার পাশের রুমেই বসে। ও আসার পর আমি, আসমা আর ও মিলে সময় ভালই কাটছে, ওর নাম তানিয়া। ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে গত সেপ্টেম্বরে বিবিএ শেষ করেছে। আসমা ও তানিয়া দুইজনই আমার ফেইসবুক ফ্রেইন্ড। আসমার ফেইসবুক একাঊন্ট আমিই খুলে দিয়েছি, আজ ও প্রথম ওর প্রোফাইল পিকচার দিল। ছবিটা সুন্দর, ও আর ওর মেয়ের। আমরা তিনজন আজ একসাথে লাঞ্চ করলাম। এই হলো অফিসের অবস্থা।
আর বাসার অবস্থা কি তা তোমাকে বলতে চাই না। ওটা তোমার না জানাই থাকুক। শুধু এটুকু জান বাসার সবাই ভাল আছে।
দিপ্তীর সাথে আমার চিঠি দিয়ে যোগাযোগ অব্যাহত আছে, ও ওর চাকুরী নিয়ে অনেক ব্যস্ত তাই আগের থেকে চিঠি আদান প্রদান কম হয় কিন্তু তারপরেও হয়। কে জানে তোমার সাথে যদি আমার কখনো টেলিফোনে যোগাযোগ না হত তবে হয়ত তোমার সাথেও এভাবে শুধু ফেইসবুকে চিঠি দিয়ে কথাবার্তা হত। ওটা ভাল হত নাকি এখনকার অবস্থা যা তা ভাল ওটা নিয়ে আমি আর তর্কে যেতে চাইনা এতদিন পরে।
তোমার শরীর কেমন আছে, আমার গত সন্ধ্যা থেকে অনেক ঠাণ্ডা লেগেছে, এটা নিয়ে খুব অস্বস্তিতে আছি। তুমি তোমার শরীরের যত্ন নিও। খাওয়াদাওয়া ঠিকভাবে কর।
আমি আমার পড়াশুনা নিয়ে আর কোন প্লান করতে চাই না কেননা আমি দেখেছি প্লান করে আমার কিছুই হয় না। না পড়ালেখা না কবিতা লেখা। কবিতা লেখা তো তাও হুট হাট হয়ে যায় কিন্তু পড়ালেখা তো গাছের মাথায় উঠে বসে আছে, নামার কোন লক্ষণ নেই। তুমি কি নামাজ পড়া শুরু করছ, যদি শুরু করে থাক তবে ভাল আর না শুরু করলে আজ থেকেই শুরু করে দাও।
আজ আর তেমন কিছু বলার নেই, ভাল থাক তুমি, তোমার আব্বা আম্মাকে আমার সালাম দিও। আল্লাহ হাফেজ।
অনন্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


