২০।০১।২০১২
সন্ধ্যা ৭ টা
প্রিয় অনন্যা,
ভালই আছ আশা করি, আমিও ভাল আছি। আজ সারাটা দিন কিভাবে কিভাবে যেন কেটে গেল। সারাদিন বাসাতেই ছিলাম, আজ সকালে অনেকদিন পর পড়ালেখা করলাম, তোমাকে চিঠি লিখে আবার পড়তে বসব। ভাল একটা চাকরী আর এম বি এ তে ভর্তির প্রত্যাশাতেই এই পড়াশুনা করা। পাশাপাশি ব্যবসা করার ইচ্ছা হইছে আর তাই কি ব্যবসা করা যায় তা নিয়েও ভাবছি। কাল সকালে আবার অফিস, কাল থেকে আবার আগামী শুক্রবারের জন্য অপেক্ষা করতে হবে। ঠিক করেছি অফিসে যেহেতু তেমন কাজ নেই তাই অফিসে বসেও পড়াশুনা করব, বই তো অনেক আগেই নিয়ে গিয়েছি, কাল থেকে পড়া শুরু করব। তানিয়াও অফিসে বই রেখে দিয়েছে পড়ার জন্য, ও আমার মতই সামনে এম বি এ তে ভর্তি হতে চায় আর তাই কোচিং ও করছে পান্থপথে, ওর বাসা ধানমণ্ডিতে বলে সুবিধাই হয়েছে।
তোমার অবস্থা কি তাই বল, তোমার ভালবাসাময় জীবন কেমন কাটছে। দুজন দুজনকে যেভাবে ভালবাসছ তাতে সুখেই আছ বলে মনে হচ্ছে। আমার ব্যপারটাই শুধু অদ্ভূত থেকে গেল, আমি শুধু ভালবেসেই গেলাম, ভালবাসা পাওয়ার সৌভাগ্য এখন পর্যন্ত হল না। দেখা যাক এই জীবনে কখনো ভালবাসার ছোঁয়া পাওয়া হয় কিনা।
এই মাসে এখন পর্যন্ত তিনটি কবিতা লেখা হয়েছে, ভাবছি আরো দুটো লিখব। দেখা যাক শেষ পর্যন্ত লেখা হয় কিনা। ফেব্রুয়ারী মাসে অন্তত তিনটি কবিতা লিখতে চাই।
ফেইসবুকে এখন খুব বেশি একটা সময় দিতে ইচ্ছা করে না, ফেইসবুক এই জীবনে কম সর্বনাশ করে নি। তারপরেও যেহেতু একটা জিনিসের ভাল ও মন্দ দুটি দিক ই আছে সেহেতু ভাল দিকগুলোর কথা বিবেচনা করেই এখন ফেইসবুক ব্যবহার করা উচিত।
আজ এখানেই শেষ করছি, এখন এশার নামাজ পড়ব, এরপর পড়তে বসব। কাল আবার তোমায় চিঠি লিখব, ভাল থাক। আল্লাহ হাফেজ।
অনন্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


