২৮।০১।২০১২
রাত ৮ টা ২৬
প্রিয় অনন্যা,
কেমন আছ আজ আর জানতে চাইলাম না কেননা আমি জানি তুমি খুব একটা ভাল নেই, একুশ তারিখে তোমাকে চিঠি লিখব বলেছিলাম কিন্তু ঐ দিন ও তারপরে এতদিন আর লেখা হয়নি চিঠি তবে তোমার কথা ভুলে যাইনি, আসলে তোমাকে তো আর ভোলা সম্ভব না। তুমি আমার সাথে যা করেছ তা হয়ত এখন অনেকেই জানে তবে আমার সাথে কি করা হচ্ছে তার কিছুই তুমি জান না আর আমি তোমাকে নতুন করে কিছু জানতে দিতেও চাই না। জীবনে এমন কিছু সময় আমাকে কাটাতে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আসলে আমরা যা ভাবি আর আমাদের সাথে যা হয় তার অনেক কিছুই মিলে না। প্রকৃতির এমন বিরূপ আচরণ মেনে নিতে কষ্ট হলেও মেনে নেওয়া ছাড়া আর অন্য কোন উপায় ও থাকে না।
ভালবাসা প্রতিস্থাপিত হয় এ কথা তোমাকে এখন বিশ্বাস করতেই হবে কেননা তুমি নিজে এর শিকার। কেউ যদি কোন কিছুর শিকার না হয় তাহলে সে এর মর্ম বুঝতে পারে না। তুমি কষ্ট পাও তা আমি কখনোই চাই না তবে তুমি নিজে যে পথ বেছে নিয়েছ সেজন্য তোমাকে কষ্ট পেতেই হবে আর এর জন্য আমি কোনভাবেই দায়ী নই। সুতরাং কষ্ট শুধু আমি একাই পাচ্ছি না, কষ্ট তুমিও পাচ্ছ। এটা থেকে এটাও প্রমাণিত যে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না। হয়ত আমিও আমার জানা বা অজানায় কাউকে না কাউকে কষ্ট দিয়েছি আর সেজন্যই হয়ত আমাকে তোমার মাধ্যমে কষ্ট পেতে হচ্ছে। যাই হোক জীবন তো আর থেমে থাকবে না আর তাই কষ্ট-সুখ মিলিয়েই আমরা পথ পাড়ি দেই। হয়ত দুজনে একসাথে পথ পাড়ি দিতে পারলাম না তবে বন্ধুত্ব তো থাকবে সারাজীবন যদি তুমি এটাও ছিন্ন না কর। আসলে কখন কার রঙ পাল্টে যায় তা বোঝা বড় দায়।
২৯।০১।২০১২
চিঠি শেষ না করেই গত রাতে উঠে গিয়েছিলাম, তাই অসমাপ্ত চিঠিটি আজ শেষ করতে বসলাম। গত রাতে তোমাকে ফোন দিয়েছিলাম, প্রথমে ওয়েটিং, তারপর কল অ্যানসার না করা এবং সব শেষে বিজি দিয়ে দেওয়া, কি অপূর্ব আচরণ তোমার, সত্যিই মনোমুগ্ধকর। আমি কখনোই তোমার সাথে এমন করতে পারতাম না। আসলে আমি কারো সাথেই এমন করতে পারতাম না, ভালবাস না বুঝলাম কিন্তু এর মানে এই নয় যে এভাবে আচরণ করতে হবে। আর এটা জেনে রেখ মানুষ যেরকম আচরণ করে একসময় না একসময় সে সেরকম ফল অবশ্যই ভোগ করবে।
অনন্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


