২৪।০৯।২০১২
প্রিয় ছুঁয়ে যাওয়া অনন্যা,
বহুদিন পর আজ তোকে লিখতে বসলাম, বেশ অনেকদিন ধরেই ভাবছি লিখব কিন্তু কিছুতেই লেখা হয়ে উঠছিল না। গত রাতে তো ভেবেছিলাম লিখবই,ওভাবে মানসিক প্রস্তুতিও নিচ্ছিলাম কিন্তু কেন যেন আর শেষ পর্যন্ত লেখা হল না। না লিখতে পেরে শেষে ভেবেছিলাম মাঝরাতে তোকে একটা মুঠোবাক্য পাঠাব কিন্তু ওখানে কি লিখব সেটাও যখন ভেবে পেলাম না তখন আর পাঠাণঈ হল না। একবার ভেবেছিলাম একটা কবিতা পাঠাব, অনেকদিন তোকে কবিতা পাঠাই না আর মোবাইলে অনেক নতুন কবিতা জমাও পড়ে আছে যেগুলোর কোনটাই তুই এখনো প ড়িস নি। সময় পাল্টেছে বলেই হয়ত এখন আর আগের মত কবিতা পাঠানো হয় না। সময় পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুই এভাবে পরিবর্তিত হয়ে যায় যা আমরা চাইলেও ঠেকিয়ে রাখতে পারি না কোনভাবে।
তুই আমার বন্ধু আর তাই অভিমানটাও অনেক বেশি, যদি বন্ধু না হতি আর সরাসরি তোকে ভালবেসে ফেলতাম তাহলে হয়ত এতটা অভিমান আমার হত না। সবকিছুই কেমন যেন হয়ে গেল তাই না, প্রথম কিছুদিন যখন বন্ধু ছিলাম তখন তো বেশ ই ছিলাম। হঠাত করে কেনই বা ভালবাসা জেগে উঠল আর এভাবে কষ্টের সাগরে হাবুডুবু খেতে হল বুঝে উঠতে পারি না। মানুষ একবার ভুল করে সে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আর আমি সেখানে বারবার ভুল করে চলি। দোষটা সম্পূর্ণ আমার ই। আমাকে তো তুই কখনো ভালবাসার কথা বলিস নি তাহলে কেন শূধু শুধু আমি তোকে ভালবাসতে গিয়েছিলাম। লোকে বলে ভালবাসা হয়ে যায়, আমার ও হয়ত ওভাবে হয়ে গিয়েছিল। একটা সময়ে তোর সাথে অনেক কথা হত, তখন মনে হত তোর সাথে যদি কখনো এভাবে কথা না হয় তাহলে আমি থাকতে পারব না, বেঁচে থাকা আমার জন্য কঠিন হয়ে যাবে। আমি ভুল ছিলাম কিনা জানি না তবে এটা ঠিক এখন যখন তোর সাথে মাসের পর মাস কথা না হয় তখন আমি বেঁচে থাকি ঠিকই কিন্তু আমার অনেক কষ্ট হয় আর সেই কষ্ট আমি কোথায় যেন চাপা দিয়ে রাখি। আরেকটা কথা বলি এখন তোর সাথে কথা বললে আমার যতটুকু ভাল লাগা কাজ করে তার থেকে বেশি কষ্ট হয় কেননা আমার কখনো তোর ভালবাসার মানুষের কথা শুনতে ইচ্ছা করে না, যখন ঐ মানুষটির কথা আমি শুনি, তোদের ভালবাসার কথা শুনি তখন আমার মধ্যে এক মানসিক যন্ত্রণার সৃষ্টি হয়। আমার তোর সাথে কথা না বলাই ভাল যদি আমি নিজের কষ্ট ডেকে না নিয়ে আসতে চাই। তুই আমাকে ভালবাসিস না কিন্তু আমি তো তোকে ভালবাসি আর তাই তোর মুখে অন্য কারও কথা আমি কখনো সহজভাবে শুনতে পারব না আর মেনেও নিতে পারব না। যাই হোক এই বিষয়ে আর কিছু না বলি।
তোর কাছে লেখা আমার সমস্ত চিঠিতে শুধু অভিমান ই ঝরে পড়ে। চিঠিতে ভেবেছিলাম অনেক কিছু লিখব কিন্তু ঐ অভিমান পর্ব ছাড়া আর কিছুই লেখা হল না। আরো অনেক কথা লিখার ছিল, সেগুলো না হয় অন্য কোন একদিন লিখব। আজ এভাবেই শেষ করছি। তুই ভাল থাক। আমি......
তোর ভুলে যাওয়া অনন্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


