![]()
আমি মাত্র একজন মানুষের কথা বলব আজ
কে সে? কোথায় তার আবাস এসব কিচ্ছু না।
অথবা তার মায়াবী চেহারা, অবাক করা দৃষ্টি
এসব হয়ে যাবে একদম একঘেয়ে, বিরক্তিকর!
আমি শুধু প্রবেশ করব তার নিজস্ব জগতে,
যেখানে সময় থেমে আছে তার ইশারায়!
তার পৃথিবীতে সে অথই মগ্ন আপন মনে
সে ধ্যানে আছে এক লক্ষ্যে, এক খেয়ালে।
আমি কি তবে যাচ্ছি তার ধ্যান ভাঙ্গাতে?
নাকি চুরমার করে দিতে তার সৃষ্ট পৃথিবী?
আমি তো যাচ্ছি অদৃশ্য এক প্রেতাত্মা হয়ে
আমি শুধুই অনুভব করব তার নিঃসঙ্গতা!
আমি নিশ্চুপ থাকবো ঠোঁট কামড়ে ধরে,
চিৎকারে বলব না ফিরে এসেছি আবার!
বহুবার আমি নিজেকে ফিরিয়ে নিয়েছি-
কিন্তু ফিরে এসেছি তোমার জগতের টানে।
আমি বলতে চাইনি তোমার সকল পরিচয়
আমি জানি এসব বলা নিরর্থক, মূল্যহীন!
আমি তো ক্ষণে ক্ষণে ভুলেই যাই হঠাৎ-
আমরা অভিন্ন সত্তা, আমরা শুধুই এক জন!
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


