ছোটবেলায় একটা গল্প পরেছিলাম বাংলা বইতে নাম ছিল ‘রাজা’। কার কার মনে আছে সেই গল্পের কথা জানিনা তবে আমার আছে।
রাজা ছিল একটা কবুতরের নাম। তেমনি একটা কবুতর আমাদের বাসায়ও ছিল নাম দিয়েছিলাম মুনিয়া। এটা একটা পাখির নাম কিন্তু এটা ছিল আমার কবুতরের নাম। আজকে তার গল্প বলব।
ভাইয়া যেদিন এক জোড়া কবুতর কিনে আনল আমি শখ করে মেয়ে কবুতরটার নাম রেখেছিলাম মুনিয়া। ছেলেটার নাম মনে নাই। আমি তখন ক্লাস টু তে পড়ি। স্কুল থেকে আসার পর থেকে আমরা দুই ভাইবোন কবুতর দুটোর সাথে খেলা করতাম। মুনিয়াটা একটু চুপচাপ থাকত শুধু এক জায়গাতে বসে থাকত। সম্ভবত তার পুরুষ সঙ্গীকে তার পছন্দ হতো না তবে ছেলে কবুতরটা তার সাথে সাথে থাকার চেষ্টা করত আর বীর দর্পে আওয়াজ করত মুনিয়াকে আকর্ষণ করার জন্য কিন্তু ফলাফল হতো শূন্য। খাবার সময় আমি মুনিয়াকে ডাকতাম “মুন মু্ন... মুনিয়া”। আর তখন খাবার খেতে আমার হাতের কাছে চলে আসত মুনিয়া। আর আমি পরম আনন্দে তাকে খাবার খাওয়াতাম।
প্রতিদিন স্কুলে যাবার আগে আমি দেখতাম সে আমাদের বারান্দার বাইরে যে বাড়তি অংশ আছে মানে সানসেট আছে সেখানে ফুলের টবের পাশে বসে থাকত চুপটি করে। কিন্তু একদিন এসে দেখি সেখানে নেই, মুনিয়া আমি খুঁজতে থাকি তাকে পাইনি। কান্না চলে আসে আমার। আমার সাথে আম্মুও খুঁজতে থাকে পরে দেখি নিচের সানসেটে তার সাদা কালো পাখা পরে আছে, আর আমার মুনিয়ার শেষ দেহ অবশিষ্ট খাচ্ছে একটা কাক।
সেদিন আমি প্রথম জানলাম একটা পাখি আর একটা পাখিকে খেতে পারে।
কয়দিন পর কয়েক জোড়া কবুতর ভাইয়া আবার কিনেছিল তবে আমি আর তাদের নাম রাখিনি যদি আমাকে ছেড়ে আবার চলে যায় মুনিয়া, এই ভয়ে।
ও বলা হয়নি ছেলেটার কি হয়েছিল, সে তার বীর দর্পে হাঁটাহাঁটি বন্ধ করে দিয়েছিল আর সারাদিন চুপ করে বসে থাকত যেখানে মুনিয়াটা বসে থাকত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


