আজকে নতুন রুমে উঠলাম। এই হোস্টেলের ভালো একটা রুম পাবার জন্য কম ঝক্কি ঝামেলা সামলাতে হয়নি আমাকে। যাক শেষমেশ-তো পাওয়া গেল এতেই খুশি। আমার রুমটা ভালোই তবে বেশি ভালো লাগল আমার পড়ার টেবিলের পাশের জানালাটা।
বাসায়ও আমার পড়ার টেবিলের পাশে একটা জানালা ছিল। পড়তে মন না চাইলে সেই জানালা দিয়ে রাস্তার মানুষের হেঁটে যাওয়া দেখতাম। আবার কখনো কখনো গলির মোড়ে দাড়িয়ে থাকা হুক্কা পাগলটাকে দেখতাম। এই পাগলটা সেই আমার জন্মের পর থেকেই দেখছি আমাদের এই ছোট্ট মফস্বলের বাসার গলির মোড়টাতে ঐ হুক্কাটা নিয়ে বসে থাকে। আগে ভাবতাম ওটাতে বুঝি আসলেই তামাক জাতীয় কিছু আছে পরে বড় হয়ে জানলাম ওটা নাকি তার বাপ দাদার একমাত্র স্মৃতি চিনহ, তাই সে ওটাকে হাত ছাড়া করে না। আর মাঝে মাঝে সে ওটাতে শুধু শুধুই হুক্কা টানার ভঙ্গিতে পাইপটা মুখে ধরে রাখে। এতে নাকি তার খানদানী ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়।
আজকে সেই বাসার মতই আমার হোস্টেলের এই রুমটাতে এমন একটা জানালা পেয়ে খুশি যেন আর আমায় ধরে না।
আমার মালপত্র গুছাতেই দুদিন চলে গেল। আমার রুমটা তিন তলায়। তাই এখান হতে আকাশটা দূরে লাগে না বরং কিছুটা কাছেই মনে হয়। আর দূরে আমাদের হোস্টেলের বাইরের বাউন্ডারি পেরিয়ে নিত্য কাজের খোঁজে বেরিয়ে যাওয়া ফুটপাতে চলমান মানুষগুলোকে আমার দেখতে ভালোই লাগে। খুব জানতে মন চায় তারা কোথায় যায়? তাদের মনে কি চিন্তা খেলা করছে?
***********
এক প্রকার বিরক্ত নিয়েই পড়ার বইটা বন্ধ করলাম। রুমের কেউ নেই যে গল্প করব তাই কি করার আমি আনমনে তাকিয়ে আছি আমার পড়ার টেবিলের পাশে এই জানালা দিয়ে বাইরে।
একটা মানুষকে দেখলাম ফুটপাত দিয়ে তড়িঘড়ি করে হেঁটে যেতে। ধরে নিলাম দুপুর গড়াতে দেরি নেই তাই হয়তো সে ব্যাংকে তার টাকা জমা দিতে যাবে। আর তার হাতের ব্যাগটাতে আছে টাকা।
কত হবে?
লাখ না কোটি?
ধরে নিলাম কোটি।
কি মজার বিষয় একজন কোটিপতি লোক এই দুপুর বেলা ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে।
যা সত্যি আজব চিন্তা। আনমনে হেসে উঠি।
আমার চিন্তাটা সঠিক নাও হতে পারে তবুও আমার ভাবতে ভালো লাগে। আমি গালের নিচে হাত দিয়ে কনুইটাকে টেবিলের সাথে ঠেকিয়ে কোনরকম আয়েশ করে বাইরের মানুষগুলোকে দেখছি।
আচ্ছা এর সাথে এক কাপ চা মন্দ হয় না। আমি রুম থেকে বের হয়ে আমাদের রুমের বাইরের চুলাতে কোনমতে এক কাপ চা বেশি করে দুধ দিয়ে বানিয়ে এনে আগের জায়গায় এসে বসলাম। হুম এবার ভালো মতোই গবেষণা করা যাবে।
আমি আমার চায়ের কাপ হতে মুখ তুলছি খুব আয়েশ করে এমন সময় আমার চোখ চলে যায় ফুটপাতের উপর পায়চারী করা একটা যুবকের দিকে। আরও ভালোমতো খেয়াল করে দেখলাম সেই যুবকের প্যান্টের পিছন পকেটে এক গুচ্ছ লাল গোলাপ। এবার আমি খুব নড়েচড়ে বসলাম আমার চেয়ারে। আচ্ছা এই পড়ন্ত দুপুরে এক গুচ্ছ লাল গোলাপ নিয়ে এই যুবক এখানে কি করছে?
হতে পারে তার প্রেমিকার জন্য অপেক্ষা করছে।
কিন্তু মেয়েটি কোথায়?
হতে পারে সে একটু নাহয় দেরি করেই আসবে।
আচ্ছা সে দেখতে কেমন হবে?
হুর পরীর মতন?
আচ্ছা এই হুর পরীটাইবা কেমন?
খুব সুন্দর?
আচ্ছা এমনও-তো হতে পারে যাকে যুবকটি পছন্দ করে তাকে আজ সে প্রথম তার ভালোবাসার কথা জানাবে। তাই যদি তাই হয় তবে বলব যুবকটি জায়গাটা ঠিক মত বেছে নিতে পারেনি। তার ডান পাশে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি আর তার বাম পাশে নিত্য ব্যস্ততায় মুখর একটা চায়ের দোকান।
নাহ। যুবকটার বরই অন্যায় হয়েছে এমন স্থান নির্বাচনে।
হঠাৎ আমি বিস্ময় নিয়ে দেখি, যুবকটি আমার জানালার দিকে মুখ করেই হাতটা নাড়ছে। আমার চোখ আরেকটু হলে রসগোল্লার মত গোল হয়ে বের হয়ে স্প্রিং বলের মত লাফাতে থাকত। আমি ভুল দেখছি নাতো।
আমি ভালো মত চোখটাকে রগরিয়ে নেই।
নাহ আমার দেখায় কোন ভুল নেই। যুবকটি আমার জানালা বরাবরই ইশারা করে কিছু একটা বোঝাতে চাইছে।
আমি বোধয় বেপারটা ধরতে পেরেছি। সে আমাকে ডাকছে এবং ইশারায় নিচে নামতে বলছে।
আহা কি সুখ এই প্রথম আমার জন্য এমন করে কেউ অপেক্ষা করছে। আবার তার পকেটে লাল গোলাপ। ভাবতেই কেমন শিহরন দিচ্ছে মনের মাঝে।
এই কি আমার না দেখা রাজপুত্র? নাহ মন্দ না। ভালোই দেখতে।
আচ্ছা আমাকে সে কি বলতে চায়?
আমিতো তাকে চিনি না।
নিশ্চয়ই সে আমাকে চিনে।
হয়তো আমাকে এতদিন সে ফলো করেছে।
এমনওতো হতে পারে সে আমার পূর্ব পরিচিত আমি হয়তো ভুলে গেছি।
হাজারটা ছাই-পাস ভাবতে ভাবতে আর আমতা আমতা করতে করতে কিছুটা দুরুদুরু বুকে এক রাজ্যের ভয় নিয়েই আমি ঐ যুবকের সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিলাম।
খাটের নিচ হতে ট্র্যাঙ্কটা থেকে লাল জামাটা বের করে চুলটা একটু আঁচরেই আমি বের হয়ে গেলাম অচেনা এক যুবকের সাথে কথা বলার উদ্দেশ্যে। ধুপধাপ করে সিঁড়িটা কিছুটা পার হয়ে আমি হোস্টেলের গেট পেরিয়ে বাইরে বেরিয়ে আসলাম। এবার পায়ের গতিটা আর আগের মত নেই আমার। আস্তে আস্তে কিছুটা শ্লথ গতিতে আমি সেই অচেনা যুবকের সামনে গিয়ে দাঁড়ালাম।
নাহ এ আমার পূর্ব পরিচিত নয়।
তবে কি সে আমায় চেনে?
আমার খোলা চুলগুলো বারবার আমার মুখের সামনে এসে পরতে লাগল এই পড়ন্ত বিকেলের হাওয়ার দোলায়। আমি কিছুটা বিরক্ত হয়েই সেটাকে সরাতে যাব অমনি যুবকটি সিনেমাটিক ভঙ্গিতে নিজেই আলতো করে আমার গালের উপর হতে চুলগুলো সরিয়ে দিল। আমি কিছুটা ভড়কে গিয়ে দূরে সরে দাড়ালাম। এবার সে তার পেছন হতে সেই লাল গোলাপগুলো আমার সম্মুখে নিয়ে আসল।আমি কিছুটা লজ্জা রাঙা চোখেই যুবকটাকে দেখার চেষ্টা করলাম। তার ঠোঁটের দিকে তাকিয়ে দেখি তার ওষ্ঠ যুগল আমাকে উদ্দেশ্য করেই কিছু একটা বলতে চাইছে।
আমি কিছুটা ভয়ে আশেপাশে তাকালাম। আমার ডান পাশের সেই সিটি কর্পোরেশনের ডাস্টবিনটা হতে উটকো গন্ধ এসে বারবার নাকে সুড়সুড়ি দিচ্ছে আর বাম পাশের টং দোকানের সেই চা দোকানে যেন দোকানী তার চায়ের মাঝে ব্যস্ত হয়ে গিয়েছে আর এক দল তরুণ সেখানে চা চাইছে খুব উচ্চস্বরে।এমন একটা পরিবেশে একজন যুবক আর একজন যুবতি আবার তাদের মাঝে এক গুচ্ছ লাল গোলাপ।
নাহ! পরিবেশটা বরই বেমানান।
তবুওতো এক যুবক তার প্রাণের কথা এক যুবতীকে জানাতে এসেছে এটাই কম কিসে?
এমন কিছু চিন্তা করতে করতেই আমি আবার তাকাই আমার সামনে দাড়িয়ে থাকা যুবকের দিকে।
এবার তার কাপাকাপা ওষ্ঠ জোড়া হতে একটাই শব্দ যেন বের হয়ে আসতে লাগল,
"আমি ......... আমি......... আমি"
আমি খুবই বিরক্ত হয়ে যুবকটির দিকে তাকালাম। আমার ব্রু যুগল কিছুটা কুঁচকে গেল।
আমি মনে মনে ভাবলাম, “গাধা বল না তুই কি? আমারে ভালোবাসিস?”
“আসলে আমি আপনাকে......... আপনাকে......”
“উফ এত দেরি করে কেউ তাও আবার এই পরিবেশে?” আমার বিরক্ত চরম সীমায় পৌঁছে গেল।
“আমি আপনাকে খুব ..................”
এবার আমার আর সহ্য হচ্ছে না। একনাগাড়ে ডাস্টবিনের গন্ধ আর ঐ চা দোকান হতে উটকো তরুণের দৃষ্টি আমাকে কিছুটা অধৈর্য করে তুলল।
আমি এক প্রকার জোরে জোরে বলতে থাকি,
"বল না বল না গাধা বল না..........
*****************
--ওই তুই কি বল না বল না করছিস?
--হু
--স্বপ্ন দেখছোছ নাকি? দেখতেই যদি হয় টেবিলের মাঝে মাথা রেখে না দেখে বালিশের মাঝে রেখে দেখ। হা হা হা ............
আমার রুমমেট সেইরকম একটা হাসি দিয়ে রসিকতা করে আমার সামনে থেকে চলে গেল। আমি তাকিয়ে দেখি আমি টেবিলের উপর মাথা রেখে জানালার দিকে মুখ করে কখন ঘুমিয়ে পড়েছি তা আর টের পাইনি। আমার রুমমেটের ডাকে ঘুমটা ভাঙল।কিছুটা বিষণ্ণ মন নিয়েই ভাবতে লাগলাম,
“ইস! শেষ শব্দটা আর শোনা হল না”
এরপর থেকে রুমমেটদের বলে দিব, আমি যদি ঘুমাতে ঘুমাতে টেবিল হতে চিৎপটাং হয়ে পরেও যাই তাও যেন আমাকে না ডাকে।
অন্তত শেষ কথাটা শোনার অতৃপ্তি নিয়েতো ঘুম ভাঙতে হবে না।
**শেষ কথা**
ঘুমে বহুবার আজব আজব স্বপ্ন দেখেছি কিন্তু ভালো স্বপ্ন দেখার সময় কেউ না কেউ এসে ডেকে দেয়।
স্বপ্নটা যদি আবার দেখি!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


