বিয়ের পর আমিই হতাম তোমার আয়না চিরুনি।
তুমি কপালে লাল টিপ পড়ে আলগা চুলে আমার সামনে এসে দাঁড়াতে।
আমি তোমার চুলে আঙ্গুল দিয়ে চিরুনি করে দিতাম।
তুমি আমার চোখে চোখ রেখে লাল টিপ বসাতে কপালে
আমি বলতাম, না একদম ঠিক হয়নি। দাঁড়াও, ঠিকঠাক বসিয়ে দেই।
একদিন বরফিকাটা অবাধ্য বাতাস ধাক্কা দিলো তোমাকে।
আর সাথে সাথে তোমার হাত থেকে পড়ে গেলো এক ডজন
লাল রেশমী চুড়ি। আমি হরিণের মতো চমকে উঠতেই তুমি হেসে উঠলে।
প্রপাতের জলের ধারায় হাসতে হাসতে বললে, তুমি এতো ভীতু কেনো ?
আমি প্রায়শঃ আয়না চিরুনি খেলতে খেলতে ছায়ার মতো
এক পাশে সরে যেতাম। তুমি অনুর্বর অন্ধকারে দেয়াল জুড়ে
হন্যে হয়ে খুঁজতে তোমার বেলজিয়াম কাচের আয়না।
আমি ছিলাম বেজায় বোকা, লুকোচুরি খেলায় হররোজ হারতাম
আমাকে ধরে ফেলতে তাই তোমার বেগ পেতে হতোনা কখনো।
আমাকে তুমি সেদিন ধরে ফেলতেই টের পেলাম ভাঙ্গা চুরিতে
তোমার হাত কেটে গেছে, আয়নায় তোমার রক্তাক্ত ঘোলা প্রতিবিম্ব।
আমি তোমার মাথায় চিরুনি দিয়ে বললাম, রেশমী চুড়িতে তোমাকে
খুব অপরূপ মানায়, সুচিত্রা সেন কি পারবে আমার রূপকথা হতে?
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



