সরকার তুমি শাহাবাগে বসে চেতনা বেচো, চা বেচো না কেন?
বিরিয়ানিতে না হয় তোমার তেষ্টা মেটে, আমার কি হয় বলো।
রাষ্ট্র তুমি মসনদে বসে গণতন্ত্র বেচো, মানুষ বেচো না কেন?
রক্তে না হয় তোমার তেষ্টা মেটে, আমার কি হয় বলো।
বিশ্ববিদ্যালয় তুমি সিন্ডিকেটে সনদ বেচো, আগুন বেচো না কেন?
সনদে না হয় তোমার পিয়াস মেটে, আমার কি হয় বলো।
জাগরণ তুমি মঞ্চে বসে আনুষ্ঠানিকতা বেচো, ভরসা বেচো না কেন?
অনুষ্ঠানে না হয় তোমার তেষ্টা মেটে, আমার কি হয় বলো।
পতাকা তুমি লাল সবুজে স্বদেশ বেচো, সাহস বেচো না কেন?
স্বদেশে না হয় তোমার তেষ্টা মেটে, আমার কি হয় বলো।
ধর্ম তুমি গ্রন্থে সত্য বেচো, শান্তি বেচো না কেন?
সত্যে না হয় তোমার তেষ্টা মেটে, আমার কি হয় বলো
মার্ক্স তুমি ক্যাপিটেলে বিপ্লব বেচো, মুক্তি বেচো না কেন?
বিপ্লবে না হয় তোমার তিয়াস মেটে, আমার কি হয় বলো।
প্রেম তুমি অবেলায় প্রেমিকা বেচো, ভালোবাসা বেচো না কেন?
প্রেমিকায় না হয় তোমার আশ মেটে আমার কি হয় বলো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


