সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার বিশ্বরেকর্ড নিয়ে আজকাল অনেকেরই দেখি মিশ্র অনুভূতি ও প্রতিক্রিয়া কাজ করছে! এইসব অনুভূতি ও প্রতিক্রিয়ার প্রকাশের শুরু অবশ্য আজ নয়, গত ১৬ ডিসেম্বরে সবচেয়ে বড় মানব পতাকার বিশ্বরেকর্ড গড়ার পর থেকেই শুরু।
সেই মানব পতাকার আমিও একজন ছিলাম।‘’বিষ্ময়ে তাই জাগে, জাগে আমার প্রাণ’’।
অনেক পরিশ্রম, সবার সমবেত প্রচেষ্টায় এই বিশ্বরেকর্ডটি আমরা করতে পেরেছিলাম। আর নিজের দেশের নাম সারা পৃথিবীতে পৌঁছে দেবার আনন্দ-ও কম ছিল না।কিন্তু এই রেকর্ড হবার পরে ফেবুতে দেখতাম এক শ্রেণির বুদ্ধিজীবী নিজ দেশের বিশ্ব রেকর্ডের কষ্টে অত্যন্ত কষ্টিত। যেন এই রেকর্ডটি না হলেই তারা খুশি হতেন বেশি।তারা নানা রকম ত্যানা পেঁচিয়ে বলতে চাইলেন, আমাদের পতাকা নিয়ে বাণিজ্য হচ্ছে, পতাকা ‘রবি’র কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, লোক দেখানো দেশপ্রেমের বিশ্বরেকর্ড ইত্যাদি ইত্যাদি।
রেকর্ডটি হয়ে যাবার পরেও আমি জানতাম না, আমাদের আগে এই রেকর্ডটি কোন দেশের ছিল। কৌতুহল মেটাতে গিয়ে দেখি এর আগে পাকিস্তান এই রেকর্ড করেছিল, আর ১৬ ডিসেম্বর আমরা সেটা ভেংগে দিয়েছি। এবার আনন্দের অনুভূতিতে আরেকটি মাত্রা যোগ হল।সেই সাথে আরেকটি প্রশ্ন মাথায় চলে এলো, কাদের কাছে আমাদের এই বিশ্ব রেকর্ড এত চুলকানি দিচ্ছে???
খুব অল্প কিছুদিনের মধ্যেই আমাদের করা বিশ্ব রেকর্ডে ভাংগন ধরালো, সেই পাকিস্তান। এ নিয়েও দেখতে হল আরো কিছু নাটক। অল্প বয়সী আবেগী ছেলেপেলেগুলো এত আপসেট হয়ে গেল! অন্য কোন দেশ এই রেকর্ড ভাংগলে হয়ত কোন ভাবান্তরই হত না অনেকেরই। আরেকশ্রেণির বুদ্ধিজীবীকে দেখলাম বাংলাদেশের পক্ষে ন্যাকা ন্যাকা ছদ্মবেশী বক্তব্য দিয়ে নিজের অজান্তেই তাদের সুপ্ত পাকিপ্রেমকে প্রকাশ করে ফেলতে।তাদের কথা শুনে আপনার মনে হবে যেন আমাদের মানব পতাকার বিশ্ব রেকর্ড করার আয়োজনটি উদ্দেশ্যমূলকভাবে পাকিস্তানের রেকর্ড ভেংগে ফেলার কথা মাথায় রেখেই করা হয়েছিল।আর পাকিস্তানও যেন উদ্দেশ্যমূলকভাবে আমাদের রেকর্ডটি ভেংগে ফেলেছে।
(আর এখন অল্প সময়ে পাকিস্তান নতুন রেকর্ড গড়ায় মনে মনে তারাই সবচেয়ে বেশি খুশি হয়েছেন।অন্য কোন দেশ যদি এই রেকর্ড ভাংত, তাহলে বোধ হয় না তারা এত দেশপ্রেম কপচাতেন!)
আমার ক্ষুদ্র বুদ্ধিতে যা কুলায় তাতে যা বুঝি, নিজের পতাকাকে সারা বিশ্বের কাছে ভিন্ন আংগিকে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই এমন রেকর্ড গড়তে সেদিন জাতীয় প্যারেড গ্রাউন্ডে আমরা সাধারণ মানুষ জড়ো হয়েছিলাম, শিক্ষার্থীদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে পাকিস্তানের রেকর্ড ভাংগাভাংগি নিয়ে কারোরই কোন মাথাব্যথা ছিল না। আর পরে পাকিস্তানও যে নতুন রেকর্ড করেছে, এখানেও তারা নিজেদের হারানো গৌরব ফিরে পাবার জন্যই করেছে। বাংলাদেশ ভিন্ন অন্য কোন দেশও যদি এই রেকর্ড করত, তবে স্বাভাবিকভাবেই তারা নিজেদের রেকর্ড ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাতো। তারপরেও এর মধ্যে কেন বিদ্বেষ টেনে আনি আমরা? ’৭১ ও মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের মাঝে যে আবেগটি তার অপব্যবহার কেন আমরা হতে দিই?
কোন রেকর্ডই চিরকাল টিকে থাকে না।হয়ত কোনটা বেশিদিন স্থায়ী হয়, কোনটি কম দিন।তবে অবশ্যই একটি রেকর্ড যেন দ্রুতই কেউ ভাংগতে না পারে, তেমন কঠিন রেকর্ড করাই ভাল। এবার সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইবার রেকর্ড করার আয়োজন করা হচ্ছে। এই রেকর্ডও হয়ত কোনদিন ভেংগে দেবে অন্য কোন দেশ অথবা হয়ত আবার আমরা নিজেরাই নিজেদেরটা।কিন্তু এ নিয়েও আবারও দেখছি নানা রকম প্রতিক্রিয়া।এমন আয়োজনে খরচ হচ্ছে লাখ লাখ টাকা, লোক দেখানো দেশপ্রেমের রেকর্ড, কর্পোরেট বাণিজ্যে দেশপ্রেম বিক্রি, বিদেশী কোম্পানীর সাহায্য দেশপ্রেমের রেকর্ড ইত্যাদি ইত্যাদি।
আমি নিজে বিষয়টি ভিন্নভাবে দেখছি। বিদেশী কোম্পানীর সাহায্য না নিয়েই যদি এই রেকর্ডটি করা যায়, তবে বেশ হয়।কিন্তু তা যখন হচ্ছে না, তখন কী আর করা! বিশ্বরেকর্ডটি হোক, এটি তো আমরা চাই।এই গিভ এন্ড টেকের যুগে বিদেশী কোম্পানীগুলোকে আমাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে অসুবিধা কোথায়?প্রসংগত আমার প্রিয় ঔপন্যাসিক মঈনুল আহসান সাবের থেকে ধার নিয়ে বলি, ‘’নিম্নপর্যায়ে বুঝে না বুঝে যা আবেগ, উচ্চপর্যায়ে তা থান্ডামাথার প্রয়োজন।‘’
আর লোকদেখানো দেশপ্রেম? হ্যাঁ, দেশের প্রতি ভালবাসা থাকলে তা তো আর লুকিয়ে রাখা যায় না, প্রকাশ পাবেই, লোকে দেখবে। আমরাও সবাই মিলে একসাথে দেশকে ভালবাসছি, তা আবার নতুন করে অনুভব করব। ছোটবেলায় থার্মোমিটার ভেংগে তার পারদ নিয়ে খেলতে গিয়ে নিশ্চয়ই দেখেছেন, কিভাবে বিন্দু বিন্দু বিচ্ছিন্ন পারদকণাগুলো সব একসাথে মিলে একটা বড় বিন্দুতে পরিণত হয়! ঠিক এভাবেই এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমরা বিচ্ছিন্ন সব প্রাণ একত্রিত হবো, সমবেত হয়ে এক কণ্ঠে যখন গাইবো সেই অপূর্ব সংগীতটি। আর তখন প্রত্যেকের নিজের ভেতর লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা বিন্দু বিন্দু শক্তি একত্র হবে। এক বিশাল মহাসাগর জেগে উঠবে তার সমস্ত শক্তি নিয়ে।নিজের ভেতরের লুকিয়ে থাকা ভালবাসার শক্তি কি নিজেকেই নিজের কাছে অচেনা করে দেবে না তখন?সেই শক্তিতে আমরা চিনব, বারবার চিনবো।সেই শক্তি থেকে উজ্জীবিত হবো, অনুপ্রাণিত হবো, দেশের জন্য মন প্রাণ ঢেলে কাজ করার। আমি তো সেই মহাসাগরের কল্লোলধবনি স্পষ্ট শুনতে পাই ‘’আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসিইইইই’’। আপনি কেন পান না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


