সময়ের চোরাবালিতে আমার এক পেয়ালা স্মৃতি!
আমি ডুবে যেতে দেখি,
সুরমা চাদর সরিয়ে আম্র কুঞ্জের পালঙ্ক থেকে সূর্যের আঁখি মেলা,
আমার সকালের আড়মোড়া ভাঙা,
মেঘের জানালা চিড়ে আগত সোনালি আশার পালক,
বাসনার দিগন্ত জুড়ে স্বপ্ন নগরের নতুন আরেকটি নহরের বয়ে চলা।
সময়ের চোরাবালিতে আমার এক পেয়ালা স্মৃতি!
আমি ডুবে যেতে দেখি,
তারাদের শব্দহীন বাসর,
চাঁদের চুম্বনে আঁধারের মুখ লুকানো,
হঠাৎ পয়গাম দিয়ে লুকিয়ে পড়া একটি ধুমকেতু,
ক্ষণে ক্ষণে বয়ে যাওয়া নিশাচরীদের আবছা আসর।
সময়ের চোরাবালিতে আমার এক পেয়ালা স্মৃতি!
আমি ডুবে যেতে দেখি,
শিকর ছড়ানো বজ্রের চোখ রাঙানো,
হাওয়ার স্পর্শে বাদল ধারার হারিয়ে যাওয়া পথ,
কাকভেজা কোন এক সন্ধ্যায় বাঁশবাগানের ভেতর দিয়ে হেঁটে চলা,
ঘুমন্ত কোন ছায়ার আলিঙ্গনে স্বপ্নের চোখ মেলানো।
সময়ের চোরাবালিতে আমার এক পেয়ালা স্মৃতি!
আমি ডুবে যেতে দেখি,
না ফোটা কিছু পলকের কুসুম,
না বলা, না শোনা- কিছু আকুতি,
প্রগলভ কোন কিশোরের হাতে বয়ে চলা এক নদী,
কুহেলিকার আঁচলতলে ঘুমন্ত বেখবর মৌসুম।
সময়ের চোরাবালিতে আমার এক পেয়ালা স্মৃতি!
আমি ডুবে যেতে দেখি...............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


