জায়গাটা শ্যাওলায় ঢেকে গেছে! মনে হয় আমার পর এখানে আর কেউ বসেই নাই। হাত দিয়ে কিছু ময়লা সরাতে গিয়েও থেমে গেলাম। থাক! ওমনিই বসে গেলাম। কেউ হয়তো একনজরে আমার কাজগুলো মনোযোগ দিয়ে দেখছিল। আমি বুঝেও না বোঝার ভান করে বসে রইলাম।
এতদিন পরে এলে?
কিছু না বলে মুচকি হাসিতে বুঝিয়ে দিলাম, জবাব নিরপেক্ষ।
সাড়ে ছয় বছর অনেক সময় তাই না?
কিছু সময়ের জন্য দমটা থেমে গেল।ঠিক এতটা সময় আগে যখন নিচে কাউকে কিছু বলার, বোঝাবার ক্ষমতা সীমিত মনে হতো-একা একা এইখানে চলে আসতাম। ঠোঁটের স্পন্দনবিহীন আলাপচারিতায় আমার শব্দগুলোই বেশী থাকতো, ওখান থেকে কালেভদ্রে জবাব পেতাম। কিন্তু ওই নিরবতার ও আলাদা একটা জবান ছিল যেন! হাহ......আসলেই অনেকটা সময় পেরিয়ে গেছে।
অনেক বদলে গেছ এই সময়ে, অনেক বড় হয়ে গেছ!
বয়স তো তোমারও বেড়েছে, ব্যাস ধরা কঠিন।......মৃদু একটা বাতাসে বুঝলাম কথাটাতে বেশ মজা পেয়েছে।
আমার জবাবটা কই? এতদিন একবার ও তো ভুলেও কথা বলনি!
আমি দূরে ছিলাম।
আমি তো কাছেই থাকি, আগের মত ভাল লাগে না, তাই না?
আমি তোমার সাথে আমার জায়গা থেকে কথা বলতেই বেশি ভালবাসতাম।
এখানেও তো এসেছ পরে বেশ কবার, তখন ও তো ভুলেও তাকাওনি একবার!
তুমি থাকতে বলেছিলে?
আমি বলেছি,তুমি শুননি! জিজ্ঞেস কর ওই বট গাছটাকে! ও সাক্ষী।
আমি শুনি নাই, তোমার ডাক শুনলে ঠিকই আসতাম।
তোমার শোনবার কান নাই, আর ঝগড়াও শিখে গেছ দেখি! আজ কেন এলে?
আগে যে কারনে আসতাম। আজ তো কথাও বলছো বেশ! সেসময় তো টানা কয়েক মাসেও এত কথা হয়তো বলনি।
আমি তো ভাই মানুষ না! এসব হিসেব বুঝে এখানে থাকা কঠিন। বসে বসে তোমাদের মত কিছু মানুষের কাণ্ড-কারখানা দেখে আর তোমার মত কিছু পাগলের সঙ্গ পেয়ে বেশ কেটে যায়।
আমি উঠে দাঁড়ালাম। বাম হাতের উল্টা পীঠ দিয়ে কাপড়ে লাগা ময়লা সাফ করার চেষ্টা......নাহ! একদম বসে গেছে।
চলে যাচ্ছ?
হুমম......
এখন আসবে প্রতিদিন?
না!
তাহলে?
আমি আর কিছু বললাম না...জবাব নাই আমার কাছে। সোজা হাটা দিলাম। পিছনে জোস্নার ঢল নেমেছে। কানে মৃদু আওয়াজ আসলো- তুমি আগের মতই আছ! বিদায় জানাতে এসেছিলে,তাই না?
আমি হাঁটছি। একবার মনে হল পিছনে তাকাই,পুরানো সঙ্গীর এমন প্রস্থানে তার কি?......নাহ... চাঁদেরা কক্ষনও কাঁদে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


