এই ব্লগে যোগ দিয়েছি বেশ কিছুদিন হলো। মুলতঃ এই ব্লগের ব্যাপারে আগ্রহী ছিলাম আমার এক বড় ভাইয়ের কারনে যিনি প্রায়ই এখানে লিখতেন এবং তার অনলাইনের অধিকাংশ সময়ই চোখ কুচঁকে মনিটরে সামু পড়তেন। এখনও নিশ্চয়ই তিনি এখানে কোথাও আছেন (দুর্ভাগ্যবশতঃ তার আইডি আমার জানা নেই)।
নতুন কোন একটা বিষয় নিয়ে লিখতে চেয়েছিলাম। কিন্তু চিন্তা করা ও লেখা যে এতো সময়সাপেক্ষ একটা ব্যাপার, এতোদিনে বুঝলাম। লেখার চেয়ে পড়া যে কত ভালো, এখন বুঝেছি।
নিজের সম্বন্ধেই বলি। আমি অতি সাধারন একজন, পুরোপুরি আমজনতা। সত্যি বলতে গেলে আমের টুকরির তলার একটা আম। কামাই, খাই-দাই, ঘুরে বেড়াই, ছবি তুলি আর দেখি।
আমার দেখতে খুব ভালো লাগে। সেটা মুভিই হোক আর রাস্তার পাশে উলটানো গাড়ী হোক, গাড়ীর জানালার ফাঁকে একঝলক প্রধানমন্ত্রীই হোক আর ঠেলার উপরে বসা নাক-চুলকানো চালকই হোক। শহরের ঝকঝকে বিলবোর্ড থেকে গঞ্জের বাজারের পাইল্সের চিকিৎসার সাইনবোর্ড, চৌকাঠের ফাক দিয়ে তাকিয়ে থাকা তেলাপোকা থেকে নির্জন উচুঁ পাহাড় থেকে নিচের ছরা, রিকসায় যাওয়া উড়ু উড়ু তরুনী থেকে লালা পড়া পথশিশুর আপনমনে খেলা-সবই দেখি।
আইনের প্রতি অগাধ সম্মান, তবে জ্যামে আটকে থাকার চেয়ে বামদিক দিয়ে ওভারটেক করতে খারাপ লাগে না। মানুষ খুন করিনি এখনও, সাহস নাই, করবোও না আশা করি। ধর্ষন ঘৃনা করি, তবে "মিউচ্যুয়াল" ব্যাপারটা তুলনামুলক ভালো লাগে। শালীনতা চাই, তবে ওড়না ছাড়া কোনো যুবতি হেটে গেলে চোখ ফিড়িয়ে অন্যদিকে তাকিয়ে থাকার মতো মহাপুরুষ হইনি এখনও।
বিড়ি খেয়ে রাস্তায় ছুড়ে মারি (বাসার জানালা দিয়ে নয়), রাস্তায় থুথুও ফেলি(বিদেশের রাস্তায় নয়-যেখানে পয়সার মামলা বেধে যেতে পারে), অর্থ অনর্থের মুল নয়, যাহা কিছু মুদ্রিত সবই আপ্তবাক্য নহে, যেখানেই দেখি ছাই- উড়াইয়া দেখি না- "ইয়ে"ও থাকতে পারে!, চকচক করলে সোনা নয়-কিন্তু যতক্ষন সেই ভাব আছে ব্যবহারে দোষ নাই।
আপনার মা -আমারও মা, আপনার বোন -আমারও বোন, তবে আপনার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড নয়, আপনার কাজিন -আমার গার্লফ্রেন্ড হলে দোষ দেখি না, আপনার বিরোধী পক্ষের সাথে আমার বিরোধ নাও থাকতে পারে।
এই ব্লগের লেখকদের ভালো লেগেছে, কারন তাদের অনেকেই দেখেন। তাদের অনেকের দেখার চোখের উচ্চতা ও কোন আমার থেকে অন্য রকম।
মনে হচ্ছে অনেক লিখেছি। নিজেকে প্রকাশের চেষ্টা করেছি। খুব ভালো হতো আমার "ম"-নামের বন্ধুর আমার সম্বন্ধে একটা বিশ্লেষন দিতে পারলে, যার কাছে থেকে সবসময়ই আমি জানতে পারি আমার কৃত কাজের প্রকাশিত অর্থ তাই প্রকাশ করে, যা আমার প্রকৃত উদ্দেশ্যের মুলতঃ বিপরিত।
ভালো থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


