ওহ্ আর কথা বলতে ভালো লাগছে না। বর্ণনা দিতে তো অসহ্য লাগছে। তার চেয়ে ভালো নাটকের ডায়লগের মতো বলে দিই আমাকে নিয়ে কে কী ভাবছে। ভালো কথা, অনেকেই কিন্তু এখনো সেই রহস্য বের করার চেষ্টা করছে, কেন আমি মরে গেলাম হঠাৎ করে। তাদের হাইপোথিসিসগুলোও বেশ চমৎকার।
রিপা: নাবিলার সঙ্গে সম্পর্কটা না ভাঙলে বেচারা এভাবে হঠাৎ করে মরতো না আমি শিওর।
শাহিন: হাজারখানিক টাকা ধার শোধ না করেই ব্যাটা মরে গেল! ধারদেনা বোধহয় হয়েছিলো অনেক। এতগুলো টাকার প্রেশার নিতে পারেনি।
অঞ্জলি: আমার ছোট বোনটার সঙ্গে ওকে মানাতো বেশ। কেন যে মরলো! ভালোই হয়েছে। বিয়ের পর মরলে তো বোনটা বিধবা হতো।
কফিল: বেচারার সঙ্গে গতকাল খারাপ ব্যবহার করাটা আমার মোটেও ঠিক হয়নি। সেটির কারণেই কি-না কে জানে...
লিজা: একদিন আগে মরলে তো শালার নম্বরটা মাই ইজি করতাম না।
বাবুল: সাবলেটে থেকে হাজার তিনেক টাকা বাসা ভাড়া দিতো। এইরকম পোলা কি আরেকটা পামু?
মিথি: ভাব ছিলো বেশি। ফুটানি মারতো তো! তাই গেছে।
হুমায়ূন আজাদ: আমি জানি কবিতাতে...
আঁই বাপ, হুমায়ূন আজাদের লাইন চলে আসলো? হুমায়ূন আজাদ? হুমায়ূন আজাদ! হুমায়ূন আজাদ? চোখ ঠিক আছে আমার? মাথা ঘুরছে না তো? কী বলছেন? হুমায়ূন আজাদ কী বলছেন? বলছেন, তার কবিতা...
আমার উদ্দেশ্য সফল। শেষ পর্যন্ত পুরোপুরি সফল। আমি জানতে চেয়েছিলাম আমার মৃত্যুর পর আমাকে নিয়ে কে কী ভাবে সেটা জানা। সেখানে আমি পুরোপুরি সফল। যদিও আমি জানতাম না প্লুটো গ্রহে বসে আমি এইভাবে আমার মৃত্যুর পর মানুষের প্রতিক্রিয়াগুলো জানতে পারবো। কিন্তু আমার বিশ্বাস ছিলো, ভূত হয়ে পৃথিবীতে ঘুরে ঘুরে আমার মৃত্যুর প্রতিক্রিয়াগুলো শুনবো। না হলে গড অলমাইটির কাছে রেকর্ড তো থাকবেই। আমি কাতর স্বরে চাইলে তিনি নিশ্চয়ই সেগুলো আমাকে দেখতে দিতেন, শুনতে দিতেন। বিশেষ করে যখন তিনি জানতেন আমি এ জন্যই মারা গিয়েছি, তখন তিনি কি আমাকে না করতেন? বোকার মতো বোকামিগুলো যারা করে, গডের স্নেহ তার ওপর বর্ষিত হবেই। আমি কনফার্ম। আর এই কনফার্মেশন লেটারটা না পেলে আমিই কি মরতে যেতাম?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



