
সন্তান প্রসবকালে মাতৃমৃত্যু রোধে সাফল্য অর্জন করে বিশ্ববাসীকে চমকে দিচ্ছে বাংলাদেশ। মাতৃস্বাস্থ্যে দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশ এখন বেশ এগিয়ে আছে। ১৯৯০ সালে দেশে প্রতি লাখ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে যেখানে ৫৭০ জন মায়ের মৃত্যু হতো সর্বশেষ জাতিসংঘ প্রকাশিত মাতৃমৃত্যু জরিপে তা ১৭০-এ নেমে এসেছে। এ ছাড়া জাতীয়ভাবে মাতৃমৃত্যু হ্রাসের ওপর করা বাংলাদেশ মাতৃমৃত্যু জরিপ (বিএমএমএস), বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে এবং আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র (আইসিডিডিআরবি)-এর গবেষণায় মাতৃমৃত্যু হ্রাসের তথ্য পাওয়া গেছে। সেভ দ্য চিলড্রেনের ‘স্টেট অব দ্য ওয়ার্ল্ড মাদার ২০১৫’ এর জরিপে বিশ্বের ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের মায়েদের স্বাস্থ্যগত অবস্থান ১৩০। এই তালিকায় ভারত, পাকিস্তান, নেপাল, চীন, জাপানসহ এশিয়ার অন্য দেশগুলোকে এ ক্ষেত্রে বাংলাদেশ পেছনে ফেলেছে। বর্তমানে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি)-২০১৫ অর্জনের জন্য বাংলাদেশ এই হার ১৪৩-এ নামিয়ে আনার জন্য কাজ করছে। আশার কথা হচ্ছে, এমডিজির মেয়াদকালে প্রতি বছর গড়ে ৩ শতাংশ হারে মাতৃমৃত্যু কমানোর লক্ষ্য থাকলেও বাংলাদেশ ৩ দশমিক শূন্য ৬ শতাংশ হারে মাতৃমৃত্যু কমিয়েছে। বাংলাদেশে সাধারণের মধ্যে মাতৃস্বাস্থ্য নিয়ে আগের চেয়ে সচেতনতা বেড়েছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতেও এখন আগের চেয়ে মাতৃসেবার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা মিলছে। এ ছাড়া নারীদের শিক্ষা গ্রহণের হার বৃদ্ধি, বাল্যবিয়ের হার কমে আসা, প্রযুক্তি ও খাদ্যাভ্যাসের উন্নয়ন সব মিলিয়ে মাতৃস্বাস্থ্যের এই উন্নয়ন সম্ভব হয়েছে।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



