তোমার বোধের সাইক্লোন
তোমার উদ্দাম চলে যাওয়া
আমায় নিঃস্ব করেছে বারবার।
বুকের খাঁচায় গোলাপি ঘ্রাণ নেই
তবু সারাক্ষণ অনুভবে ভাসে—
অন্ধকারে ম্লান মুখ তোমার।
আমাদের অবাধ্য শারীরিক স্পৃহা
দৃষ্টির যত ইন্দ্রজাল ভেঙ্গে-চুরে
পরস্পরকে আহ্বান চুম্বকীয় টানে
সারা রাত ছটফট করেছি দুজন
পৃথক বিছানায়—
প্রেমের উন্মাদনায় ভোর হয়েছে
জীবনের দিক নির্দেশ খুঁজেছি;
আমাদের শান্ত বোবা চাহনীতে—
তারকারাজিতে জ্বলেছে মিটিমটি মৃত্যু
যে মৃত্যুকে আমরা ভালোবাসি—
একদিন স্পর্শ করব মৃত্যুর আঙ্গুল
যে স্পর্শ সকল শক্তির উৎস—
অযৌক্তিক প্রেমে পড়েছিলাম আমরা
যে প্রেম ছিল আদম সৃষ্টির আদি কারণ!
আমরা তৃষ্ণায় মারা যাচ্ছিলাম
এক আঁজলা জল দেয়নি প্রেম
আমাদের জীবন হাতের মুঠোয় নিয়ে
মাটির গভীরে লুকিয়েছিল প্রেম
দোয়েল-শালিকের যাপিত দ্রোহে
আমাদের হৃদয়ের গান শুনে
পোড়া মাটি আরো পুড়ে গেছে
বাতাসের ঘোড়া ছুটেছে অনন্তে
যে গানের অমিয় সুধা—
পান করেছে পৃথিবীর অন্ধ কবিকুল!
নুতন এক প্রাণ সে করুক দান
আমাদের যাপিত হৃদয়ের ঘরে
প্রেম নয় যেখানে বাঁচার মানে!
বিরহের সে রাজ্যে আশার ভেলা ভাসুক
বেহুলার মতো জীবন হোক আমাদের
হৃদয়ের গোপন সে জানালা খুলে যাক
শুন্যের অসীমতার ভেতর—
যা দিয়ে আমাদের দেহে উষ্ণতা ঢোকে।
আমাদের সব শূন্যতাকে পূর্ণ করবে জীবন
আমাদের কোন এক অরণ্যে ডাকুক হৃদয়
যা বিলুপ্ত প্রাণীদের ধারণ করে!
আমরা কারো পোষা পাখি হবো না
আদিম অনুভূতি জাগুক মনে!
আমরা চকচকে তলোয়ার হবো দুজন
আমরা জীবন যুদ্ধ জয়ের অস্ত্র হবো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




