এই পৃথিবীতে আলো-অন্ধকার ছাড়াও
একটি জগৎ আছে—
তার সমুদ্রের তলদেশ থেকে বৃষ্টির ধারা
আকাশে গিয়ে ঝরে,
যেখানে মৃত ছাতার দল উড়ে চলে যায়
পৃথিবীর জন্মের দিকে।
ঘুম-জাগরণের সংযোগস্থলে সেখানে গিয়ে
চুম্বকে ভেজা পাখি দেখি;
সেখানে বাতাসের ফুসফুসে ডুবে যেতে থাকে
উল্টো চলা ঘড়ির কাঁটা।
যেখানে পৃথিবী একটি সবুজ তালার মতো
চাবিহীন দুলতে থাকে।
পুলিশ স্টেশনে ফুল আর কবিতার বইগুলো
আগুনে হাবুডুবু খায়।
আয়নায় নিজের অবয়বে দেখি মাছের চোখ—
মৃত পাথরের হাসির মতো।
চা-খানায় দেখি মৃতদের আড্ডার আসর চলে,
তাদের চারপাশে লাল মাছি।
২৭/৪/২০২৬, সাভার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


