'একাত্তরের চিঠি' বইটা বারবার পড়ি। প্রতিবার পড়ার পর চোখ ভিজে উঠে। প্রতিটা চিঠি যেনো দেশপ্রেমের অনন্য এক দলিল। আজ বইটি পড়ার পর ভাবলাম চিঠিগুলো ব্লগে দেই। তাই এই পোস্ট, আশা করি সবাই পড়বেন।
আমার মা,
আশা করি ভালোই আছ। কিন্তু আমি ভালো নাই। তোমায় ছাড়া কেমনে ভালো থাকি। তোমার কথা শুধু মনে হয়। আমরা ১৭ জন। তার মধ্যে ৬ জন মারা গেছে, তবু যুদ্ধ চালাচ্ছি। শুধু তোমার কথা মনে হয়, তুমি বলেছিলে 'খোকা মোরে দেশটা স্বাধীন আইনা দে', তাই আমি পিছু পা হই নাই, হবো না, দেশটাকে স্বাধীন করবই। রাত শেষে সকাল হইবো,নতুন একটা বাংলাদেশ হইবো, যে দেশে সোনা ফলায়, রক্তপাত বন্ধ হবে, নতুন রাত আসবে, মোরা শান্তিতে ঘুমাবো। আর যদি তার আগে মরে যাই তবে তুমি দেখবে, গোটা দেশ দেখবে। একটু আগে একটা যুদ্ধ শেষ করে এলাম। এখন আবার যাবো, বাবা ভালো থেকো। নয়ন ভাই আমার বাংলার পতাকা হাতে নিয়ে উড়াবে। বোন ময়না, মা বাবারে ভাল করে দেখো। আর বেশী দেরি নাই আমাদের দেশ আবার স্বাধীন হবে। আমি বাড়ি ফিরে যাব। যাওয়ার দিন বাবার পাঞ্জাবি, মার শাড়ি, ময়নার চুড়ি, নয়নের পতাকা আনবো। শুধু আমার জন্য দোয়া করো না, সবার জন্য দোয়া করো, যাতে দেশটা স্বাধীন হয়। আর বেশী কিছু নয়। এখনি একটা যুদ্ধে যাবো। আমার লেখা ভালো নয়, তবু ময়নার দ্বারা শুনো। আল্লাহ হাফেজ।
ইতি
যুদ্ধখানা হইতে তোমার পোলা
নূরুল হক
জয় বাংলা
হাতিবান্দা ত্রিপুরা
চিঠি পাঠানোর তারিখঃ ১৯ই নভেম্বর ১৯৭১ সন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


