ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ঘোষিত সূচকে এবছর বাংলাদেশ বিশ্বে দুর্নীতিতে ১৪ তম৷ এটা নিয়ে অনলাইনে অনেক কাটাছেড়া চলছে৷ কেউ কেউ বেজায় খুশি তো কেউ কেউ নাখোশ৷ কেউ সরকারের সাফল্য বন্দনা তো অন্যে তুলোধুনো করছে৷ কেউ কেউ বিএনপি সরকারের সাথে আওয়ামী লীগ সরকারের তুলনা করে সরকারী সাফল্য জাহিরের ব্যর্থ চেষ্টা করছে৷
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ১৯৯৫ সাল থেকে সারাবিশ্বে দুর্নীতির সূচক প্রকাশ করে আসছে৷ তথ্য উপাত্তের স্বল্পতার কারণে প্রথম দিকে অল্প কিছু দেশে জরিপ পরিচালনা করলেও ধীরে ধীরে দেশের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং ২০০১ সালে প্রথমবারের মত বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে সূচক প্রকাশ করলে বাংলাদেশ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সর্বনিম্ন পয়েন্ট পেয়ে তালিকার সর্বশেষ স্থান দখল করে৷ ভুলে গেলে চলবে না ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের আমলেই বাংলাদেশ দুর্নীতির শীর্ষ দেশ হিসেবে চিহ্নিত হয়৷ এর আগে থেকেই যদি বাংলাদেশ জরিপে অন্তর্ভুক্ত থাকত তাহলে আগে থেকেই একই স্থান দখল করত কিনা তা জানার সুযোগ আমাদের ছিল না৷ তবে বিএনপির শাসনামলের শেষ দিকে বাংলাদেশ তালিকার সর্বনিম্ন স্থান থেকে ছিটকে পড়তে শুরু করে যা পরবর্তীতে অব্যাহত থাকে৷ তবে এতে বাংলাদেশ কৃতিত্ব না দিয়ে বরং অন্যান্য দেশ বাংলাদেশের চেয়ে বেশি দুর্নীতি করায় বাংলাদেশের সর্বনিম্ন স্থান হাতছাড়া হয়ে যায় বললেই সঠিক বলা হবে৷
এই বছর বাংলাদেশ নিচের দিক থেকে ১৪ তম স্থান দখল করলেও গত বছর ছিল ১৬ তম স্থানে৷ গত বছর বাংলাদেশ ২৭ পয়েন্ট পেয়ে ১৭৭ দেশের মধ্যে উপরের দিক থেকে ১৩৬ তম হলেও অবস্থার অবনতি হয়ে ২৫ পয়েন্ট নিয়ে এবার ১৭৫ দেশের মধ্যে ১৪৫ তম অবস্থানে আছে৷
আমরা নিজেদের দিকে না তাকিয়ে দুই দলে বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তানকে গালিগালাজ করলেও উক্ত দুইটি দেশের অবস্থান আমাদের তুলনায় ভাল৷ আমরা নিজেরা উন্নতি না করে শুধু সরকারের সাফল্য বা ব্যর্থতা নিয়ে দুই দলের তুলনায় ব্যস্ত থেকে নিজ সমর্থিত দলের গুণগানে ব্যস্ত থাকি৷ নিজ দলের সাফল্য জাহির করতে চেষ্টা করায় আমাদের শাসকরা পক্ষান্তরে তাদের দুর্নীতির পক্ষেই সমর্থন পায়৷ ফলে তারা দুর্নীতি করতে আরও বেশি উৎসাহিত হয়৷
আমাদের অবস্থানের পরিবর্তন করতে হলে এরকম পক্ষ বিপক্ষ নয়, সবাইকেই দুর্নীতির বিপক্ষে অবস্থান নিয়ে সরকার ও প্রশাসনকে চাপে রাখতে হবে৷ তাহলেই হয়ত একদিন আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হব৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


