বিয়ের ছ'মাস আগে আমার মায়ের এনগেজমেন্ট হয় আমার বাবার সাথে। সামনে মেট্রিক পরীক্ষা বলে তখন বিয়ে হয়নি। মা'কে দেখে পাগল বাবা চিঠি লিখলেন, বাংলাটা ভালভাবে ঝালাই করার জন্য চিঠি লেখা জরুরী। আমি তোমার বাংলা বিষয়ে প্রস্তুতি দেখতে চাই। তোমার চিঠি পেলে বুঝতে পারবো কত পাবে বাংলায়! আমার মা চিঠির জবাবে লিখলেন, আপনার চিঠি পেয়ে আমার পড়াশুনা মাথায় উঠেছে, এখন পরীক্ষায় সব বিষয়ে জিরো পাবার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। আমার বাবা তার জবাবে লিখলেন, তোমার বাক্য গঠন ভাল, শব্দ ভাবাবেগে উচ্ছসিত। প্রস্তুতি খারাপ মনে হচ্ছে না।
তাদের প্রেম শুরু হয়েছিল এভাবে। তার পনের বছর পরে একটা কাঠের বাক্সের মধ্যে আমি চিঠিগুলো খুঁজে পাই। মায়ের হাতের লেখা মুক্তোর মত। বাবার হাতের লেখা ডানে কাত, কিন্তু একটা শিল্পকর্ম যেন। আমি সেগুলো তারিখ হিসাবে সাজিয়ে এক সেট ফটোকপি করেছিলাম বাজারের পয়সা মেরে। তারপর থেকে আমার বিশেষ ডেরাজে সংরক্ষিত। মন খারাপ থাকলে পড়তাম, বিশেষ করে বাবা-মা যখন ঝগড়া করতো তখন সেগুলো পড়ে আমি বিশেষ লাইন কোট করতাম তাদের মাঝে গিয়ে। মুহূর্তে দেখতাম তাদের প্রসংগান্তর ঘটেছে। মা রেগে যেতেন আর বাবা ফিক করে হেসে ফেলে ঝগড়াটা মাটি করে দিতেন। মা রাগে গজগজ করতে করতে গিয়ে ঢুকতেন রান্নাঘরে।
অনেকদিন পরে চিঠিগুলো পড়ছিলাম গতকাল। উপলক্ষ মায়ের জন্য বাবার ফোন। তিনদিনের বিরহে সে অনবরত ফোন করে যাচ্ছেন, মায়ের ফোন বন্ধ থাকায় আমার সাথে দীর্ঘক্ষণ কথা বললেন। মা অবশ্য আমার বাসায় ছিলেন না, শেষে কথা বলতে পেরেছেন কিনা জানি না তবে আমি কয়েকটা চিঠি পড়লাম আবারো। একটা চিঠি এমন ছিল, আমার পরীক্ষা দিয়ে কোন লাভ হবে না মনে হচ্ছে - মায়ের বক্তব্য। বাবা লিখলেন ভবিষ্যত সন্তানকে এমন চিঠি লিখতে দেয়ার সুযোগ দেবার জন্য তোমাকে ভালভাবে পাস করতে হবে!
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৭ সকাল ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



