গোধূলী বেলায় কভু এখনো ভাবি আমি
এমন হওয়ার কথা ছিলনা,
শ্রান্তির অবসরে নিজেরে প্রশ্ন করি
কেন আজও তুমি র’লেনা।
আকাশের তারাগুলো কখনো গুনতে গিয়ে
ভীড় করে কত শত ভাবনা,
ছোট ছোট স্মৃতিগুলো আশেপাশে হানা দিয়ে
এনে দেয় নিদারুণ যাতনা।
দখিনা বাতাস এলে শরীর জুড়াতে চায়
জুড়াতে চায়না শুধু অন্তর,
সবটুকু কেড়ে নিয়ে জীবনটা ভেঙ্গেচুরে
রেখে গেলে কী এমন মন্তর।
কোন কোন দিন আসে শুধুই বিষন্নতা
হর্ষধ্বনিও লাগে তিতা,
এখনো আটকে আছে আমার কোথাও যেন
তোমারই ছেড়ে যাওয়া ফিতা।
নীলিমাও ভাল লাগে-লাগেনা শুধুই
একা একা এই বসে থাকা,
কখনো ভেবেছ কী-তুমি হীন এই আমি
হাজার ভীড়েও থাকি ফাঁকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


