"ইভটিজিং-এর জন্য নারীরাই দায়ী, ধর্ষনের জন্য নারীরাই দায়ী।"
ইনিয়ে বিনিয়ে প্রায়শই এসব কথা বলতে শোনা যায় তরুণ-বয়স্ক, অশিক্ষিত-অতিশিক্ষিত, আলেম-জালেম, নর এমনকি নারীদের মুখে! তাদের বক্তব্য, নারীরাই নাকি পুরুষদের প্রলুব্ধ করেন। লজ্জার মাথা খেয়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বাস করা শফী হুজুররা বলে বসেন, সুস্বাদু খাবার সামনে রেখে দিলে জিভে তো জল আসবেই। আবেদনময়ী শরীর দেখলে শিশ্ন তো উত্তেজিত হবেই!
এই বলদ প্রজাতির কাছে আমার প্রশ্ন হল, দুই বছরের ফুটফুটে শিশু যখন ধর্ষিত হয় তখনও কি সেটি আবেদনময়ী শরীর? খেটে খাওয়া গার্মেন্টস কর্মী যখন ধর্ষিত হয়, তখন কি বলবেন যে তিনি সানি লিওনের ড্রেস পরে রাস্তায় বেরিয়েছিলেন? বাংলাদেশের অধিকাংশ নারীর সবচেয়ে কমন পোশাকটি হল- থ্রী পিস এবং শাড়ি। গ্রাম বাংলা থেকে শহুরে বাংলায়, রসূলপুরের মেঠো পথ থেকে গুলশানের কর্পোরেট রাস্তায়, মুন্সির হাট-পুরান বাজার থেকে শুরু করে বহুতল সানমার ওশ্যান সিটিতে বাংলার নারীরা এই দু'টো পোশাক পরেই বেরোয়। এই দু'টোর মধ্যে কোনটি অশ্লীল পোশাক, দয়া করে বলবেন কি? আপনি কি কোন নারীকে হাফ-প্যান্ট পরে রাস্তায় বেরুতে দেখেছেন? আমি দেখি নি!
ইভটিজিং-এর শিকার হওয়া মেয়েদের একটা বড় অংশই স্কুল-কলেজের মেয়ে শিক্ষার্থী। দেশের অধিকাংশ স্কুলেরই নির্ধারিত ড্রেস কোড থাকে, এবং শিক্ষার্থীরা সেই ড্রেস কোড মেনেই ক্লাস করে। এখন কি বলবেন যে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নির্ধারিত পোশাক অশ্লীল?
কি, ভাবছেন বোরখা পরিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে? ভুল ভাবছেন! শুধু গত বছরই বেশ কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থী হিজাবি নারীর ধর্ষনের খবর বেরিয়েছিলো। কারা করেছিলো জানেন? জামায়াতের নেতা-কর্মী! যদি এই নারীরা বোরখা পরেই চলা-ফেরা করে থাকে, তাহলে ধর্ষিত হল কেন?
সমস্যাটা পোশাকে নয়! সমস্যাটা ওই ধর্ষক, ওই ইভটিজারের মস্তিষ্কে, যৌনাঙ্গে। সমস্যাটা সমাজের বিবেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


