আমার এখন শুধুই ক্লান্ত লাগে
চোখের ভেতর ভ্রান্তি থাকে,
কি করছি কোথায় যাবো
কে আমার দিকে নজর রাখে
খোঁজ রাখি না;
খোঁজ রাখি না পাশের ফ্লাটে এখন কারা থাকে
কারা সারা রাত জৈব নেশায় গর্জে ওঠে দেওয়ালের ওপাশ থেকে
কোন শিশুটা মধ্যরাতের নির্জনতা চিরে চমকে উঠে..
আমার এখন শুধুই ক্লান্ত লাগে,
ক্লান্ত লাগে সব কিছুতেই;
রোদ বৃষ্টি হানাহানি থেঁতলে যাওয়া লাশের গন্ধ
প্রতিদিনকার পৃষ্ঠা জুড়ে প্রতিহিংসার স্বচিত্র ছবি
নৈশ আলাপ থিয়েটারের সব সংলাপ
যেগুলো খুব আবেগী ছিলো
এ সব কিছুতেই;
সব কিছুতেই এখন ক্লান্ত লাগে,
তোমার ঠোঁটের চুম্বন গুলো ও ভ্রান্ত লাগে
আমার এখন শুধুই ক্লান্ত লাগে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


