বাতাসের নাম দিয়েছিলি তুই বেপরোয়া। তোর হিসেবে বাতাস আমার জাত ভাই। আমি তারপর নদীটার নাম রেখেছিলাম বাতায়নবিলাস। নদীটা তোর জাত বোন।
কথা হচ্ছিলো গোবিন্দের সাথে। গোবিন্দের সাথে তোর পরিচয় নেই। অথবা আছে। আমার যাদের সাথে পরিচয় নেই, তাদের সাথেও তোর পরিচয় আছে। গোবিন্দের পদবি দাস। তিনি লিখে গেছেন,
যাহাঁ যাহাঁ নিকসয়ে তনু তনু জ্যোতি।
তাহাঁ তাহাঁ বিজুরি চমকময় হোতি।।
আমি এই পদের অর্থ জানি না। আমি বরঙ বিস্মিত, গোবিন্দ দাস সেই মধ্যযুগে কিসের আলোয় লিখে গেছেন এই পদ? এই পদ রাতে জন্মেছে সে আমি সুনিশ্চিত।
বাতাস শুকিয়ে গেছে। তোর চুল এলোমেলো করে দিয়ে ওড়নার ভাঁজ গলে ঢুকে পড়ার তার বেপরোয়া ইচ্ছা মরে গেছে গত শীতে। আর নদীতে এখন হাঁটুজল। আমি বিধাতা নই, হাঁটুজলের ভবিষ্যৎ জানি না।
ওহ হ্যাঁ, বাতাসের এলিজি শুনে নিস। ‘ যে শহরে তুই নেই, সেই শহরের সব রিকশা অপাঙক্তেয়, ব্রাত্য!’
*
আমার ভেতরে যে আটঘর মানুষ বাস করত, আমি তাদের উচ্ছেদ করে ফেলেছি। আমি ও আমরা যে সাড়ে চব্বিশ প্রকোষ্ঠে বেড়ে উঠছিলাম, তার বৃহদাংশ বেদখল হয়ে গেছে গত নির্বাচনী ডামাডোলে। এটা সত্য। তুই যতই বলিস, খেলাতে রাজনীতি নেই, কবিতাতে রাজনীতি নেই। আমি দেখি, সবখানেই রাজনীতি আছে। জীবনটাই একটা রাজনীতি। রিকশায় তোর হাত ধরেছিলাম, মনে আছে? সেই হাত ধরাটাও রাজনীতি। প্রেম বিয়ে সহবাস সবই রাজনীতি। আমি জানি। তুইও জানছিস।
*
কাল মদ্যপান করেছিলাম। তুই মদ্যপানের রেসিপি চেয়েছিলি। আমি মদ্যপানের রেসিপি জানি না।
মদ এক পেগ, লেবু পরিমাণমত, জল পরিমাণমত, আলুভাজা পরিমাণমত, বাদাম খোসা ছাড়ানো ও পেয়াজ মরিচ ধনেপাতা কুচি মেশানো পরিমাণমত, সিগারেট পরিমাণমত।
তুই কী মদ্যপান শুরু করে দিচ্ছিস? আমাকে ছাড়া শুরু করে দিবি? আর কিছু দিন অপেক্ষা কর। গল্পঘরের সব উপাখ্যান শেষ করেই আমি আসছি।
আচ্ছা, তোর শহরে রিকশা চলে?
*
আমি ঘুমিয়ে পড়ি ঘুমের বাইরে। আমার ঘুমের ভেতর কেউ এসে হানা দেয় না।
ঘুমের গেলাস কে যেন নিয়ে গেছে। আমি জানি, কে নিয়ে গেছে। তুই কী জানিস?
তোর রিকশাভ্রমণ, এলোমেলো চুলের ঘ্রাণ, হাতের পৃষ্ঠা, অনেক না বলা কথা ফিরিয়ে দিয়েছি, তুই শুধু আমার ঘুমের গেলাস প্লীজ ফিরিয়ে দিয়ে যাস!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


