সারাদিন কাজের ব্যস্ততার পরে সন্ধ্যায় নেটে আসতেই দেখলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘উদ্বোধন’ অনুষ্ঠান নিয়ে তুমুল কথা বার্তা। কয়েক মাস আগে দেশ থেকে ফিরে হিন্দি গান প্রসঙ্গে কিছু লিখি লিখি করেও লেখা হয় নাই।
বাংলাদেশের ঘরে, বাইরে, বাসে, ট্রেনে সব খানেই হিন্দি আর ইংরেজি গান, হিন্দি ড্রামা...
শপিং এ গেলে দোকানদার প্রথম কথা আপা, ‘এটা কিন্তু দেশি নয় বিদেশী জিনিস...’ বাংলা হিলিতে বাংলাদেশের তৈরি জিনিস পাওয়া যায় না। আমাদের রক্তে মিশে গেছে বিদেশী জিনিসের প্রতি আকর্ষণ।
রাঘববোয়ালেরা ডিস ব্যবসা করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। নিত্য দিনের ব্যবহার্য জিনিসপত্র থেকে চিকিৎসা কোনো ক্ষেত্রেই দেশি জিনিসের কদর নাই, দেশি জিনিসের প্রতি বিশ্বাস নাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য শপিং করতে যাওয়া হচ্ছে বিদেশে। দেশে এবং বিদেশে বাবা মায়েরা বাচ্চাদের বাংলা শেখানোর চেয়ে ইংরেজি শেখাতে বেশি সময় দিচ্ছেন। সার্বিক ভাবে আমরা নিজের দেশের প্রোডাকশনের মান উন্নয়ন অথবা সাধারণ মানুষের মনে বিশ্বাস অর্জনের ক্ষেত্রে সফলতা আনতে পারছি না।
আমরা এ আর রহমানের মতো একজন গুণী মানুষকে বাংলাদেশের অনুষ্ঠানে আনার জন্য প্রতিবাদ মুখোর হয়ে পড়ছি (আমি অনুষ্ঠান দেখি নাই এবং জানিও না এ আর রহমানের গুণ সম্পর্কে কত পারসেন্ট মানুষের ধারণা আছে)। কেউ বলছে সে হিন্দি গান গায় আর কেউ বলছে সে হিন্দু থেকে মুসলিম হয়েছে তাঁর শৈল্পিক সফলতা সম্পর্কে কথা কমই দেখতে পেলাম।
সব কিছুর আগে আমাদের মধ্যে নিজের দেশের প্রোডাকশনের প্রতি সম্মান জানানোর চর্চা করা প্রয়োজন। আমরা ক্রাইম কমাতে চাই অথচ বিদেশ থেকে আসা কুশিক্ষামূলক ছবি যা মানুষকে ক্রাইম শেখাতে সাহায্য করে সেগুলোকে সেন্সর করি না। সমস্যা উপর থেকে দেখে ইন্টারনেট বা ফেসবুকে প্রতিবাদ করে কোনো লাভ হবে না।
নিজেদের সচেতনতা জাগানোর সাথে সাথে সব ক্ষেত্রে নিজেদের মান সম্মত প্রোডাকশন নিশ্চিত করা আবশ্যক। ঢাকায় নয় সিংগাপুর থেকে শপিং করেছি এ ধরণের মানসিকতা পরিহার করতে হবে। বুঝতে হবে সিংগাপুরের মুস্তাফার দোকানের জিনিসের চেয়ে আমাদের দেশি তৈরি জিনিস অনেক উন্নত মানের।
কেউ আমাদের প্রতি জোড় করে কিছু চাপায় না আমরা নিজেরাই নিজদের অন্যের কাছে এগিয়ে দিই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


