
চালাক আর বুদ্ধিমান শব্দটা আলাদা।
বুদ্ধিমান শব্দটা ভালো। জ্ঞান অর্জন করলেই মানুষ বুদ্ধিমান হতে পারে। আর চালাক শব্দটা কেমন ইতর ইতর। যারা ইতরামো করে, তারাই মূলত চালাক। আমার বন্ধুর নাম শাহেদ। শাহেদ জামাল। প্রচন্ড চালাক একটা ছেলে। শাহেদ জামালের চোখের ইশারা মারাত্মক। আমি কোনো ছেলেকে এমন নিখুঁত চোখের ইশারা দিতে দেখিনি। শাহেদের গ্রামের বাড়ি কোথায়, ঠিক এই মুহুর্তে আমার মনে পড়ছে না। তবে ঢাকা বুড়িগঙ্গা নদীর কাছে তাদের বাড়ি। ভাড়া বাড়ি। বুড়িগঙ্গা নদীর পাড়ের বাতাস দুষিত। নদীর পানি নোংরা। কুচকুচে কালো।
শাহেদ ছিলো মূলত আমার কলিগ।
আমরা একই অফিসে চাকরি করতাম। সে কাজকাম কিছুই বুঝতো না। শাহেদের মামা ক্ষমতাবান। তার এক ফোনেই শাহেদের চাকরি হয়ে যায়। শাহেদ ছেলেটা ভালোই। কিন্তু অত্যন্ত চালাক। প্রয়োজনের চেয়ে বেশি চালাক। চালাক মানুষ আমার ভালো লাগে না। বুদ্ধিমান মানুষ আমার পছন্দ। শাহেদের কারণে আমার চাকরি চলে যায়। অফিস পলিটিক্স বলে একটা কথা আছে। আসলে শাহেদ আমার চাকরি খায়নি। আমিই আর সে অফিসে কাজ করতে চাইনি। যদি বসকে বলতাম, চাকরি ছেড়ে দিবো, বস আমাকে কিছুতেই ছাড়তো না। এজন্য শাহেদকে আমি সুযোগ করে দেই। শাহেদ সেটা বুঝতে পারেনি। আমার চাকরি চলে যায়।
গত পাচ বছর ধরে শাহেদের সাথে আমার কোনো যোগাযোগ নেই।
সেই অফিস থেকে চলে আসার পর কোনো কলিগের সাথেই আমার কোনো যোগাযোগ নেই। কেউ আমাকে ফোন দেয়নি, যোগাযোগ করেনি। আমিও কাউকে ফোন দেইনি, কোনো যোগাযোগ রাখিনি। কিন্তু শাহেদ জামালের কথা আমার মনে পড়ে। কারণ ছেলেটা মারাত্মক চালাক। শাহেদ চালাক না হয়ে বুদ্ধিমান হলে ভালো হতো। জীবনে অনেক উন্নতি করতে পারতো। শাহেদের বড় ভাই বউ বাচ্চা নিয়ে অস্টেলিয়া থাকে। তার বড় ভাই যৌতুক হিসেবে অনেক কিছু পেয়েছিল। এসি পেয়েছে দুটা। দুই টন। সেই এসি একটা এখন শাহেদের ঘরে। আমি ভাই যৌতুকের বিরুদ্ধে। আমি নিজেও বিয়ে করেছি, কোনো যৌতুক নিইনি।যে সমস্ত বিয়েতে যৌতুক নেয়, সেই বিয়েতে আমি যাইনি। অথচ শাহেদ গর্ব করে আমাকে বলেছিল, সে যৌতুক হিসেবে কি কি পেয়েছে।
শাহেদের বাবা চাকরি থেকে অবসরে গেছেন।
শাহেদের কাছে শুনিয়েছি, তার মা দারুণ এক মিষ্টি বানায়। বিশ কেজি দুধ, জাল দিয়ে দুই কেজি করা হয়। সেই দুই কেজি দুধ দিয়ে ছানা বানানো হয়। খেতে অত্যন্ত স্বস্বাদু। কথা ছিলো একদিন এই মিষ্টিটা খেতে শাহেদের বাসায় যাবো। মিষ্টিটা আজও খাওয়া হয়নি। এই মিষ্টিটা খেতে মন চায়। মাঝে মাঝে ইচ্ছা করে শাহেদকে ফোন করে বলি, আমি আসতেছি মিষ্টি খেতে। শাহেদের সাথে আমার কোনো যোগাযোগ না থাকলেও আমি জানি সে বিয়ে করেছে। অনেক যৌতুক পেয়েছে। শাহেদের বিয়ের দাওয়াত আমি পেয়েছিলাম। নিজের জন্য আফসোস হয়, আমি না হতে পেরেছি চালাক, না হতে পেরেছি বুদ্ধিমান। অথচ জীবন কেটে যাচ্ছে। সময় চলে যাচ্ছে। ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আরেকজন চালাক এবং বুদ্ধিমান মানুষ হচ্ছেন হাবিব ভাই। তার গল্প বড়ই চমকপ্রদ। হাবিব ভাইয়ের গল্প আরেকদিন করবো।
সেই অফিসে শাহেদ জামাল আজ আর নেই।
সেই অফিসের অবস্থা ভালো না। এখন শাহেদ জামাল কি করে আমি জানি না। শাহেদকে নিয়ে অনেক গল্প লেখা যায়। গল্প লেখা কঠিন কিছু না। মানুষের জীবনের ঘটনা প্রবাহ নিয়েই কতশত গল্প লেখা যায়। বাস্তব জীবনের গল্প গুলোই আসল গল্প। গল্প বানিয়ে লেখার প্রয়োজন হয় না। আমাদের চারপাশে হাজার হাজার গল্প আছে। ভালো করে চোখ কান খুললেই দেখা যায়। চারপাশের ঘটনা প্রবাহ বিসমিল্লাহ বলে লেখা শুরু করলেই হলো। শাহেদ পলিটিক্স করে আমার চাকরি খেয়েছে। যোগ্যতা দক্ষতা এবং সততা থাকলে একটা চাকরি পাওয়া কঠিন কিছু না। যারা চাকরি পায় না, আসলে তাদের যোগ্যতা দক্ষতা কম। লেখাপড়া করেছে চুদুর বুদুর করে। ফালতু কোনো সাবজেক্ট নিয়ে কোনো রকমে পাশ করে গেছে।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


