
ওর মনে কষ্ট দিতে চাই
------- ড. রমিত আজাদ
ওর উপেক্ষার রংতুলি দিয়ে আঁকা
আমার হৃদয়ে রক্তক্ষরণের ছবি,
ভুবনের শ্রেষ্ঠ চিত্রকরকেও হার মানাবে।
আহত আমাকে ও এত কষ্ট দেয় কেন?
প্রহত এই মনে কেন দেয় এত যন্ত্রণা?
বনগন্ধী সরোবরে প্রস্ফুটিত অম্ভোজ উপম
দুটি উষসী লোচন এতটাই নির্লিপ্ত কেন?
ওকে আমি স্বপ্ন দেখাতে চাই,
আর ও আমার স্বপ্ন ভেঙে দেয়।
ওর তীব্র গঞ্জনা ভাসিয়ে দেয়
আমার দুচোখ দুঃসহ সরোবরে।
তুমি যদি আমি হতে,
তবেই বুঝতে পারতে
যন্ত্রনা, সে যে কতটা অকল্পনীয়!
যেই উৎফুল্ল-উচ্ছল আমাকে সবাই দেখে,
সে আমি নই, আমার অভিনয়।
অন্তরে অন্য এক আমি,
যার হৃদয় নিষিক্ত ব্যথার রুধিরে।
আমার ঘরের দেয়ালগুলোকে জিজ্ঞেস কর,
যারা রাতদিন আমাকে দেখে,
তারা সব বলে দেবে,
কেমন করে আমি মাঝরাতে জেগে উঠি,
কেমন ধুসর কাটে আমার সোনালী বিকেলগুলো,
কত অস্থিরতায় কাটে প্রহরের পর প্রহর!
মাঝে মাঝে যোগী সাধক হতে চাই,
পদ্মাসনে বসে নির্বান পেতে চাই
এই নিরর্থক মনুষ্য জীবনের।
না, নিজের উপর নয়,
ওর, ওর উপরেই প্রতিশোধ নিতে চাই,
ওর মনে,
ওর মনে ভীষণ কষ্ট দিতে চাই,
একটিবার হলেও ও যেন বুঝতে পারে,
কত কষ্ট দেয়
এক একটি নির্ঘুম রাত্রী!
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




