রুহুল গনি জ্যোতি
বালিকা নদীর কাছে যায় হেসে ওঠে চঞ্চল নদী
স্বর্ণ লতার মত গোধূলী আঁচল বিছিয়ে বলে-
একটু বস। ধবধবে কাশবন নরম বাতাসে নাচে
যেন একঝাঁক ডানাকাটা পরী স্বর্গের পথ ভুলে
কখন নেমেছে মাটিতে। নাচে তারা হেলে দুলে
মিহি সুরে গান গেয়ে যায়- চেতনার মর্মমূলে
ধরা থাকে সেই সুর সেই গান দিগন্তের ওপাড় থেকে
ভেসে এসে মিশে যায় বাংলার পথে প্রান্তরে।
যেও না মাধবী লতা, এ হৃদয় ছুঁয়ে বসে থাকো
কত কাল নিরবধি কেটে গেছে তোমারই প্রতীক্ষায়
ফুটেছে সন্ধ্যা মালতি যেন বা প্রথম ফোটা ফুল
প্রথম গন্ধ ছড়ালো সে আজই, প্রথম দৃষ্টি বিনিময়
কি যেন ছুঁয়ে দিয়ে যায় আলো আঁধারীর এই অবেলায়
লুকোচুরি জ্যোৎস্না তখন নেমেছে পথে
তারই স্রোতে মন ভেসে যায়, সেদিন গোধুলিতে।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




