একটা ব্রিজ নির্মাণ হচ্ছে
সমীর আহমেদ
আমি যাচ্ছি ওই দিকে
একটা ব্রিজ নির্মাণ হচ্ছে
রড সিমেন্ট বালি পাথর খোয়া
যে যা পারছেন দিচ্ছেন ঢেলে
এমন কি বৃথাশ্রম দিতেও
কার্পণ্য করছেন না কেউ
দাতাদের তালিকা অনেক দীর্ঘ
হাজার বছরের। আমি যাচ্ছি ওই দিকে
দেয়ার মত কিছুই হাতে নেই,
তবু যাচ্ছি, যদি কিছু দিতে পারি!
মানুষ
সমীর আহমেদ
মানুষ নির্মাণ করে মানুষের সভ্যতা-ইতিহাস
মানুষই ধ্বংস করে মানুষের সভ্যতা,
মানুষই ভুলে যায় মানুষের ইতিহাস।
মানুষের বেদনা জেগে থাকে মানুষের চোখে
মানুষের হিংস্রতা জেগে থাকে মানুষের মগজে, চোখ ও রক্তের গভীরে
মানুষ! আহা মানুষ! কুয়াশারা ফুল হয়ে ফোটে
সবুজ, হলুদ, মৃত বিচালি ঘাসে।
কঙ্কাল
সমীর আহমেদ
আমার ভালবাসা, প্রেম, আবেগ-সংরাগ খেয়ে ফেলে
রোজ পুজিবাদের হিংস্র বাঘ। কিছু চকচকে আধুলির
ওপর পড়ে থাকে শুধু দেহের হাড়গোড়। ভূতুড়ে কঙ্কাল।
ভালবাসা
সমীর আহমেদ
'ভালবাসা' কী অদ্ভুত মধুর শব্দ! যেন থোকা থোকা ফুল।
সব সময় সুগন্ধি নাকে লেগে থাকে। ভালবাসতে পারলে
ভাল থাকা যায়, মানুষকে কাছে টানা যায় সহজেই
কিন্তু্ ইদানীং মনে হচ্ছে, আমি্ বাস করছি এক শূন্য গহ্বরে।
কোথাও কোনো ভালবাসা নাই। আমি যেন এক খেলো প্রজাপতি
নিষ্ঠুর সময়ের হাতে বাধা পড়ে আছি। ওষ্ঠাগত প্রাণ; ছিন্নভিন্ন
হওয়ার শঙ্কায় কেপে কেপে উঠছে আমার তুলতুলে রঙিন পাখনা দুটো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


