
তোমরা আমাকে কিছু শব্দ দাও
জুতসই কিছু শব্দ ;
যেগুলি প্রিয়াকে মন্ত্রমুগ্ধ করবে
হাসাবে আবার কাঁদাবে;
ঘৃণার আস্তাকুড় থেকে টেনে তুলে
ভালবাসার সাগরে ভাসাবে।
তাই কয়েকটা অব্যর্থ শব্দ পেলে মন্দ হতো না
যারা প্রিয়তমাকে এমন বশ করে ফেলবে
যেন চোখবন্ধ করে
শুধু আমাকে ভালবাসা বিলোয়।
আমার যত কদর্যতা আমার মনের সকল দৈন্যতা
আমার দূর্বলতা সব লুকিয়ে ফেলে
এমন কিছু তিলোত্তমা শব্দ প্রয়োজন।
আমার সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে এলো,
আমার কথায় হয়ে যায় যে ভুল;
আমার অবয়ব শুধু বাঁধায় শোরগোল;
তাই কিছু অব্যর্থ শব্দ পেলে মন্দ হতো না।
শেষবারের প্রচেষ্টা নেয়ার মত
জুতসই কিছু শব্দ চাই;
কয়েকটা অব্যর্থ শব্দ পেলে মন্দ হতো না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


