
ফাগুনের দহনে
আজকের ফাগুনে ফুটেছে অনেক ফুল
ভ্রমরার গুঞ্জনে দক্ষিণা হাওয়া চঞ্চল ।
তুমি রক্তজবা দূর আকাশের বনে
ভালবাসার রঙিন আভা ছড়াও ক্ষণে ক্ষণে।
আমি বসে আছি আগুনের প্রতীক্ষায় !
তুমি এসে ভালবেসে মোরে করে দেবে যেন ছাই।
প্রেমের জিঘাংসায়;
আমি হয়ে যাবো খরস্রোতা নদী
তুমি অনন্ত সাগর— জনম জনম নিরবধি।
আমি বিছিয়ে দেব তোমাতে উর্বর পলি -কাঁকর
তোমাতে উঠবে তুফান —বাজবে প্রেমের নূপুর।
আমি গড়ে দেব ভালবাসার দ্বীপ
তুমি সঙ্গোপনে বধূ বেশে ঠিক।
আজকের ফাগুনে আকাশটা আঁকাবাঁকা
ফাগুন মানে তুমি—আমি অঙ্গে অঙ্গে মাখা।
আকাশলীনা জাদুর পাখা মেলো!
ফাগুনের দহনে পিয়াসী পেখম তোল।
ফাগুণের বাতায়নে আজ ফুটেছে কত ফুল!
অনাদি কাল ধরে রক্তজবা তুমি
আমি তুলি মাস্তুুল ।
সম্পর্কের বাঁধনে
অসম্পর্কের দোলাচলে
খেলেছো বিষম খেলা
বিচ্ছেদে বিচ্ছেদে
কাটাইছো দিন মেলা ।
এসেছে মায়াবী প্রহর
বসন্তের রূপে নেমেছে রঙিন ভোর।
থাকো কেন দূরে আর ;
কামনার দহনে পোড়ে পোড়ে—
আজ আমি যে অঙ্গার ।
মায়াবী বাঁধনে পরম যতনে
নেব তোমারে মম বাহুডোরে
দিন কেটে যাবে রাত কেটে যাবে
প্রেমের অচিনপুরে
হয়ে যাবে তুমি আকাশ
আমি বয়ে দেব তাতে উদাসী প্রেমের বাতাস।
কোকিলের গানে ফুলেদের ঘ্রাণে
বুঝতে পেরেছো কি?
তুমি রূপসী বঙ্গোপসাগর
আর আমি মেঘনা নদী ।
অসম্পর্কের দোলাচলে
কাটিয়েছো নিদারুন বেলা
আর নয় মিছেমিছি; চলো সম্পর্কের বাঁধনে আজি;
বাঁধি সংসার কাফেলা ।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



