তথ্য কমিশন কর্তৃক নির্বাচিত মডেল জেলার উদ্বোধন ১৬ ফেব্রুয়ারি
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি,২০১৪: তথ্য কমিশন ঘরে ঘরে তথ্য অধিকার আইনের বার্তা পৌঁছানোর পাশাপাশি আইনটির বাস্তবায়ন ত্বরান্বিত করতে এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নের ক্ষেত্রে ২০১৪ সালে দেশের ৭ বিভাগের ৭টি জেলাকে মডেল জেলায় পরিণত করার ঘোষণা দিয়েছে।
এই পাইলট কার্যক্রমের প্রথম পর্যায়ে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলাকে নির্বাচিত করা হয়েছে এবং ১৬ ফেব্রুয়ারি এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নে তথ্য কমিশনার সাবেক সচিব মোহাম্মদ আবু তাহের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
পরিকল্পনানুযায়ী নির্বাচিত জেলার ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যান ও আপীল কর্তৃপক্ষ, ইউনিয়ন সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, মুক্তিযোদ্ধা, ইমাম, মন্দির, গির্জা ও প্যাগোডার ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আওতাভুক্ত করা হয়েছে।
কুমিল্লা জেলার নির্বাচিত ব্যক্তিদের ১৬ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেয়া হবে।
তথ্য কমিশন প্রশাসনসহ সর্বস্তরের জনগণকে এ আইন বাস্তবায়নের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি,২০১৪: বিশ্বব্যাংক, তথ্য কমিশন ও মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত RTI কর্মশালা: তথ্য অধিকার আইনসংক্রান্ত ৫সদস্যবিশিষ্ট সুপারিশ কমিটি
বিশ্বব্যাংক, তথ্য কমিশন ও মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত এক কর্মশালায় তথ্য অধিকার আইনের বাস্তবায়ন ত্বরান্বিত করতে গতকাল বুধবার একটি ৫সদস্যবিশিষ্ট সুপারিশ-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। গঠিত কমিটি আলোচ্যবিষয়ের ওপর ভিত্তি করে তাদের সুপারিশমালা প্রণয়ন করে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট পেশ করবে বলে কর্মশালায় সিদ্ধান্ত গৃহীত হয়।
কর্মশালায় ‘’তথ্য অধিকার আইন বাস্তবায়নের কর্মপরিকল্পনা’’ বিষয়ে বক্তাগণ তাদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন এবং এ আইন বাস্তবায়নে সম্ভাবনাময় দিক ছাড়াও বিভিন্ন সমস্যা চিহ্নিত করেন।
প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে হোটেল রূপসী বাংলায় অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় বিশ্বব্যাংকের টাস্ক টিমলিডার ট্রেসি ম্যারি লেন (Tracey Marie Lane), পাবলিক সেক্টর স্পেশালিস্ট বিক্রম কে, চাঁদ (Vikram K. Chand), ডিএফআইডি’র টিম লিডার রিচার্ড বাটার ওয়ার্থ ও বিশ্ব ব্যাংকের কনসাল্টেন্ট ব্যারিস্টার মঞ্জুর হাসান অংশগ্রহণ করেন। সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভুঁইয়া।
এছাড়াও দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মেসবাহ উল আলম, প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মোঃ নজরুল ইসলাম খান, কৃষিসচিব ডঃ এস এম নাজমুল ইসলাম, এলজিআরডি সচিব মোঃ মঞ্জুর হোসেন, মহা হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, তথ্য কমিশনার সাবেক সচিব মোহাম্মদ আবু তাহের ও অধ্যাপক ডঃ সাদেকা হালিম, টিআইবি’র নির্বাহী পরিচালক ডঃ ইফতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাগণ আলোচনায় অংশ নেন।
প্রধান তথ্য কমিশনারের সাথে বিশ্ব ব্যাংক প্রতিনিধিদলের সাক্ষাৎ
তথ্য অধিকার আইন বাস্তবায়নে ব্যাপক আগ্রহপ্রকাশ
ঢাকা, ১২ ফেব্রুয়ারি,২০১৪: মঙ্গলবার তিনসদস্যের বিশ্ব ব্যাংক প্রতিনিধিদল প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুকের সাথে সাক্ষাৎ করেন।
তারা জনগণের সাথে সরকারের সংযোগস্থাপনের ক্ষেত্রে কমিশনের তথ্য অধিকার আইন বাস্তবায়নে গৃহীত কৌশলগত পরিকল্পনার ব্যাপারে মতবিনিময় করেন। বিশ্ব ব্যাংক প্রতিনিধিদল তথ্য কমিশনের বিচারিক কার্যক্রমসহ যাবতীয় তৎপরতা এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নের ব্যাপারে আগ্রহপ্রকাশ করেন। তারা তথ্য কমিশনের কাজে সহায়তারও আশ্বাস দেন।
বিশ্ব ব্যাংকের তিনসদস্য হলেন-টাস্ক টিমলিডার ট্রেসি ম্যারি লেন (Tracey Marie Lane), পাবলিক সেক্টর স্পেশালিস্ট বিক্রম কে, চাঁদ (Vikram K. Chand) ও বিশ্ব ব্যাংকের কনসাল্টেন্ট ব্যারিস্টার মঞ্জুর হাসান। এছাড়া অন্যান্যের মধ্যে তথ্য কমিশনার সাবেক সচিব মোহাম্মদ আবু তাহের ও অধ্যাপক ডঃ সাদেকা হালিম এবং কমিশনের সচিব মোঃ ফরহাদ হোসেন আলোচনায় অংশগ্রহণ করেন।
আরো বিশদ জানতে ভিজিট করুনঃ তথ্য কমিশন
এবং ফেসবুক পাতা:

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


