
চাইনা তোমার অট্টালিকা
ইট পাথরের খাঁচা
চাই মাটির কুঁড়েঘর
যেন মাটির ঘ্রাণে
হৃদয় ভরে থাকে
চাই লতা-গুল্মের ছাউনি
উঠোন-কোনে
বুনো ফুলের দেউড়ি।
একটু দুরেই কাজলদীঘি
ফোটাপদ্ম রাশিরাশি
প্রজাপতির উড়াউড়ি
নিসর্গের ডানায় গড়ি
আপন নিবাসখানি ।
অদূরে বাঁকা নদী -
ঘাটে বাঁকা ক'খানতরী
জীবন যাপন সরল-সহজ অতি
মায়া ভরা সুখের প্রতিচ্ছবি
যেন ইচ্ছে হলে আকাশ ছুঁতে পারি।
সেথায় সীমাহীন সবুজ প্রান্তর
নীরব চোখে মনের দীপালী জ্বালে
চঞ্চল হাওয়ায় বনকুন্থল দুলে
অচিন পাখি গান গায় সুরে মধু মেখে
রাখাল বাঁশি বাজায় অজানা কোন সুরে।
চাই অবারিত আকাশ
আঁকব প্রেমের ছবি
গোধূলি প্রচ্ছদে
নদীর পাড়ে দূর্বা ঘাসে
দুজন বসে বসে
চোখ জুড়াব জল-তরঙ্গে
ঝিলিমিল ঢেউ দেখে।
আমি চাই সবুজ পাতা ছুঁয়ে
আমার ঘরের দাওয়ায় নামবে
ইন্দ্রনীলার চাঁদ ;
ধূলির মাঝে জ্যোৎস্নার লুটোপুটি
অবাক কারুকাজ।
তখন জ্যোৎস্না স্নানে ভাসব দুজন
স্বপ্নডানায় উড়বো পাশাপাশি ।
আমার এই আয়োজন কেন জানো ?
যেন পরাণ খুলে বলতে পারি 'ভালবাসি '
যেন বলতে পারি
আমি শিশির হব --
তুমি ধানের শিষ হও যদি
আমি জলপদ্ম হব
তুমি যদি হও নিটোল কাজল দীঘি ।।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


