আমি দেশপ্রেমিক! আমি দেশপ্রেমিক!! আমি দেশপ্রেমিক!!! কি ভাবছেন? ভাবছেন, আমি নিজের দেশপ্রেম জাহির করছি? আপনারাই বলুন তো দেশপ্রেম কি জাহির করার বিষয়? কি সৌভাগ্য আমাদের? আমরা আমাদের জীবদ্দশায় টেলিভিশনের বিজ্ঞাপনের মাধ্যমে দেশপ্রেমের বিপণনও দেখে গেলাম। দেশের একটি খ্যাতনামা সেলফোন কোম্পানির এই “আমি দেশপ্রেমিক” বিজ্ঞাপনটি দেখে আমি যারপরনাই বিস্মিত, টাস্কিত, হতভম্ব এবং খুব সম্ভবতঃ কিছুটা চিন্তিত।
আচ্ছা ধরুন, আমি বাংলাদেশ ক্রিকেটের বিরাট, চরম ও ডাইহার্ট ফ্যান। বাংলাদেশ খেলায় জিতলে আমি আনন্দের আতিশয্যে নাচলাম, গাইলাম, গার্লফ্রেন্ডকে পাবলিক প্লেসে চুমু খাইলাম এবং ঘরে ফিরে খানিকটা বিদেশি মালও খাইলাম। আর হারলে বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়ের চৌদ্দ গুষ্টি উদ্ধার করলাম, তাদের একেকজনের চরিত্রের ব্যাবচ্ছেদ করলাম। বুকে হাত দিয়ে বলুন তো, আমাকে দেশপ্রেমিক বলবেন কি?
আমি স্বাধীনতা বা বিজয় দিবসে লাল সবুজ টি শার্ট পরে, আর জাতীয় পতাকা মাথায় বেধে ফেসবুকে গরম ছবি আপলোড করে হাজার খানেক লাইক ম্যানেজ করলাম, আমাকে দেশপ্রেমিক বলবেন কি?
আমি ২১ শে ফেব্রুয়ারী আর পহেলা বৈশাখে আমার পোশাক, খাদ্যাভ্যাস আর রুচিতে সামান্য পরিবর্তন এনে তুমুল বাঙ্গালিয়ানার প্রমান দিলাম, আমি দেশপ্রেমিক হয়ে গেলাম কি?
আমাদের কাছে দেশপ্রেম জিনিসটা কেমন যেন বিপননযোগ্য পন্য হয়ে উঠছে দিনদিন, খেয়াল করেছেন? আমরা যতটা দেশপ্রেমিক তার চেয়ে অনেক বেশি উটপাখি এবং গোল্ডফিশ হয়ে উঠছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



