তুমি মিথ্যে বলেছ তাই
তুমি মিথ্যে বলেছ তাই
বিচ্ছিন্নতাবাদী হয়েছি, উষ্কানী দিয়েছি গেরিলা যুদ্ধে
ফুলের দোকানে পসরা দিয়েছি সি-ফোর এক্সপ্লোসিভের
হয় মারবো না হয় মরবো !
তুমি মিথ্যে বলেছ তাই
বৃষ্টিরা সব হরতাল ডেকেছে , ধূলোময় হয়েছে শহর
জোছনারা সব লুকিয়ে গেছে, চন্দ্রাহত হয়েছে নগর
উন্মাদ অথবা উন্মাদনাতে।
তুমি মিথ্যে বলেছ তাই
অনিবার্য কারনেরা তৈরি হয় , উদযাপিত হয় অদ্ভুত সব দিবস
করুণা করেছি পহেলা ফাল্গুন, শাহবাগে হয়েছে চৈত্র সংক্রান্তি
ভালবাসাদিবস?- নিষ্কাম! ট্র্যাজেডি/কমেডি ।
তুমি মিথ্যে বলেছ তাই
তেতো পানিতে তৃষ্ণা মেটে, উষ্ণ হয় শরীর
অক্সিজেন বড্ড অপছন্দ, নিকোটিন চায় ফুসফুস,
বুকে ব্যথা !
তুমি মিথ্যে বলেছ তাই
নাগরিক অসুবিধায় তোমাকে মনে পড়ে
থেমে যাওয়া সিলিং ফ্যান অথবা পানিহীন শাওয়ার
তোমাকে মনে করায়।
তুমি মিথ্যে বলেছ তাই
আমি এখনো তোমাকে হারিয়ে ফিরি
হয়তো পাশের বাসার ছাদ কিংবা ইসলামাবাদ
অথবা চোখের কোনায় – সেই মিসেস সেন !
তুমি মিথ্যে বলেছ তাই
পুড়িয়ে ফেলেছি অরিগ্যামী কিংবা তার ভেতরের চিঠি
প্রত্যাখান, প্রতারণায় নিজেই টেনেছ নিজের ইতি
প্রাপকঃ আকাশের ঠিকানা এখন !
তুমি মিথ্যে বলেছ তাই
অসুস্থতাকে ভালোবাসি, আরও অসুস্থ-বিকৃত হতে পারি
অমানুষ অথবা না মানুষ হতে জানি।
সেই তুমিই শিখিয়েছ !
তোমার ক্ষমা নেই, তোমার ঈশ্বর নেই
তুমি মিথ্যুক, তুমি প্রতারক ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


